Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর ২৪ পরগণার বসিরহাটে শহর জুড়ে রাতের অন্ধকারে রহস্যজনক পোস্টার (Posters in Basirhat)। পোস্টারে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, “অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা-মুসলিমরা ভারত ছাড়ো” এবং প্রচারক হিসেবে উল্লেখ করা হয়েছে, “সনাতনী যোদ্ধা বসিরহাট জেলা”। যা নিয়ে রীতিমতো আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
দোকানের গায়ে, বিদ্যুতের পোস্টে অসংখ্য পোস্টার (Posters in Basirhat)
বসিরহাট শহর, বিশেষত ভ্যাবলা ৩৮ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় এই পোস্টারগুলি বেশি করে নজরে এসেছে। রাস্তার ধারে বিভিন্ন দোকানের গায়ে, বিদ্যুতের পোস্টে এবং দেওয়ালগুলিতে অসংখ্য পোস্টার সাঁটা রয়েছে। এই ধরনের উত্তেজক বার্তা সম্বলিত পোস্টার রাতারাতি নজরে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
আরও পড়ুন:SSC Result: এসএসসি একাদশ-দ্বাদশের ফল প্রকাশে প্রযুক্তিগত সমস্যা, খুলছেই না ওয়েবসাইট!
স্থানীয় বাসিন্দারা ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, যেভাবে এই পোস্টারগুলি (Posters in Basirhat) লাগানো হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে। দ্রুত কিছু কিছু জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলা হলেও, শহরের অনেক গুরুত্বপূর্ণ স্থানে এখনও এই পোস্টারগুলি চোখে পড়ছে।
আতঙ্কের পরিবেশ তৈরি করার নতুন চক্রান্ত! (Posters in Basirhat)
পোস্টারগুলি কে বা কারা লাগিয়েছে, তা নিয়ে সৃষ্টি হয়েছে গভীর ধোঁয়াশা। স্থানীয়দের অনেকেই মনে করছেন, এটি রাতের অন্ধকারে আতঙ্কের পরিবেশ তৈরি করার এক নতুন চক্রান্ত। এই কাজের পিছনে কোনও বিশেষ গোষ্ঠী বা সংগঠনের উস্কানি রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এই পোস্টার বিতর্কের (Posters in Basirhat) আরও একটি বড় দিক হল, এই সময়ে যখন রাজ্যজুড়ে এসআইআর (সম্ভাব্য এনআরসি বা অনুরূপ বিষয়) নিয়ে এক চাপা আতঙ্ক বিরাজ করছে এবং সেই আতঙ্কে বাংলাতে বেশ কয়েকজন আত্মঘাতী হয়েছেন বলেও অভিযোগ উঠছে, ঠিক তখনই এই ধরনের সাম্প্রদায়িক বার্তা সম্বলিত পোস্টার জনমানসে আরও বেশি অস্থিরতা সৃষ্টি করছে।
ইতিমধ্যেই এই পোস্টার ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। শাসক এবং বিরোধী উভয় রাজনৈতিক দলের নেতৃত্বই পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তারা দাবি করছে, প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে এই অস্থিরতার সুযোগ নিয়ে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে।


