Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শুরুতেই আবহাওয়া দফতর (Weather Report) জানিয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও উত্তরবঙ্গে দুর্যোগের ছবি আরও তীব্র হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে রয়েছে দমকা হাওয়া এবং উত্তাল সমুদ্রের পূর্বাভাসও।
সারা রাজ্যেই বৃষ্টির উপযুক্ত পরিবেশ (Weather Report)
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে মৌসুমি অক্ষরেখা (Weather Report) ফরিদকোট, লুধিয়ানা, নাজিবাবাদ, শাহজাহানপুর, বালিয়া, জলপাইগুড়ি হয়ে পূর্ব ও উত্তর-পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিশাল পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যার ফলে সারা রাজ্যেই বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। তবে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা (Weather Report)
সপ্তাহের শুরু থেকেই বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং (Weather Report) কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে, বৃহস্পতিবার ফের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে একটানা তিন দিন অতি ভারী বৃষ্টি হতে পারে, যার ফলে নদী বা পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস
এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। বুধবার এই তালিকায় যোগ দিচ্ছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এইসব এলাকায়। যদিও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আলাদা করে কোনও সতর্কতা নেই।

সপ্তাহের মাঝামাঝি থেকে উত্তাল উত্তর বঙ্গোপসাগর
উত্তর বঙ্গোপসাগরও এই সপ্তাহের মাঝামাঝি থেকে উত্তাল হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার সমুদ্র এবং উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩৫–৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার গতি পৌঁছাতে পারে ৫৫ কিমি/ঘণ্টায়। তাই এই দুই দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: Kolkata Metro Rail: সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট, ভোরের প্রথম মেট্রো ছাড়তেই দেরি!
এদিকে, কলকাতায় সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি।


