Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাঙ্কের প্রাথমিক বিশ্লেষণে প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার সন্দেহজনক রেকর্ডের মধ্যে ৩,৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের তথ্য ফাঁস হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তথ্যগুলির সত্যতা এবং সম্ভাব্য ফাঁসের পরিধি এখনও নিশ্চিত নয়।
তদন্তের দায়িত্ব (SBI)
SBI জানিয়েছে, গত ১৬ অক্টোবর (SBI) তাদের থ্রেট ইন্টেলিজেন্স পরিষেবা প্রদানকারী সংস্থা, ডিফেন্স সাইবার এজেন্সি এবং CERT-In-এর কাছ থেকে এই বিষয়ে সতর্কবার্তা পাওয়া যায়। এরপরই সম্ভাব্য তথ্য ফাঁসের বিষয়টি খতিয়ে দেখতে প্রাথমিক বিশ্লেষণ শুরু হয়। তদন্তের জন্য CERT-In-এর তালিকাভুক্ত একটি স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
তথ্য ফাঁস হবার আশঙ্কা
প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্দেহজনক রেকর্ডগুলিতে গ্রাহকদের নাম, লিঙ্গ, মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেল আইডি, ঠিকানা এবং ব্যাঙ্কের শাখা সংক্রান্ত বিবরণ থাকতে পারে। পাশাপাশি CIF নম্বর, লিড আইডি এবং ঋণ বা ঋণের আবেদনের সঙ্গে সম্পর্কিত কিছু তথ্যও ফাঁস হয়ে থাকার আশঙ্কা রয়েছে।
এর আগে ‘Siriusim’ নামে একটি হ্যাকার গোষ্ঠী SBI-র গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছিল। তাদের কাছে বিপুল সংখ্যক ডেটা এন্ট্রি এবং PDF নথি থাকার কথাও সামনে আসে। যদিও ওই দাবির সত্যতা এখনও যাচাই করা হয়নি।
ব্যাঙ্কের দাবি, সম্ভাব্য এই ঘটনার জেরে দৈনন্দিন পরিষেবা বা মূল ব্যবসায়িক কার্যক্রমে কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। তদন্তের ফল প্রকাশ্যে না আসা পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।


