Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নিত্য যাত্রীদের ভিড়ের চাপ সামলাতে, এবার বড় উদ্যোগ নিল ভারতীয় রেল (Sealdah)। আগামী ১৫-ই জুন, সোমবার থেকে শিয়ালদহ-ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখায় চালু হচ্ছে অতিরিক্ত ইএমইউ (EMU) লোকাল ট্রেন পরিষেবা। শুধু তাই নয়, একটি ট্রেনের রুটও বাড়ানো হচ্ছে। রেলের এই নতুন সিদ্ধান্তের খুঁটিনাটি।

নতুন সময়সূচী (Sealdah)
নতুন সময়সূচী অনুযায়ী, ডায়মন্ড হারবার শাখায় সোম থেকে শনি একটি স্পেশাল লোকাল সকাল ০৬:০৫ মিনিটে সোনারপুর থেকে ছেড়ে ০৭:১০ মিনিটে ডায়মন্ড হারবার পৌঁছাবে। এরপর ডায়মন্ড হারবার থেকে সকাল ০৭:২২ মিনিটে ট্রেনটি ছাড়বে, যা সকাল ০৮:৫৮ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। মূলত সকালের অফিস যাত্রীদের ভিড় সামাল দিতেই এই ট্রেনের সময় নির্ধারণ করা হয়েছে। এরপর সকাল ০৯:৩৫ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেনটি আবার সোনারপুরের উদ্দেশ্যে রওনা দেবে।
বারাসতে থেকে হাসনাবাদ (Sealdah)
অন্যদিকে, হাসনাবাদ শাখাতেও যাত্রীদের চাপ কমাতে প্রতিদিন দুপুর ০৩:২০ মিনিটে হাসনাবাদ থেকে বারাসতের জন্য একটি নতুন ট্রেন চলবে। পাশাপাশি, ৩৩৪৩১ আপ শিয়ালদহ-বারাসত লোকালটি (যা সকাল ০৮:৫৮ মিনিটে শিয়ালদহ ছাড়ে) এখন থেকে বারাসতে যাত্রা শেষ না করে সরাসরি হাসনাবাদ পর্যন্ত (পৌঁছাবে সকাল ১১:০৬ মিনিটে) সম্প্রসারিত করা হচ্ছে।

‘মহিলা কামরা’ নিয়ে বড় ঘোষণা (Sealdah)
রেলের এই নতুন পরিষেবার ঘোষণার পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে দিয়েছে শিয়ালদহ ডিভিশন। সাম্প্রতিক সময়ে মহিলা কামরা কমে যাওয়া বা তুলে দেওয়া নিয়ে কিছু গুজব ছড়াচ্ছিল। সেই প্রসঙ্গে রেল সাফ জানিয়েছে—কোনোভাবেই মহিলাদের জন্য সংরক্ষিত কামরা কমানো বা বদল করা হচ্ছে না। সমস্ত লোকাল ট্রেনেই আগের মতোই নিয়ম মেনে ৩টি করে কামরা মহিলাদের জন্য নির্দিষ্ট থাকবে। নারী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়ে কোনো আপস করা হবে না। পুরুষ যাত্রীদের ভিড় সামলাতে ট্রেনের সংখ্যা এবং সামগ্রিক যাত্রী বহন ক্ষমতাই বাড়ানো হচ্ছে।
১৫ই জুন থেকে নতুন ট্রেন (Sealdah)
বিধানসভা নির্বাচনের পালাবদলের পর এবং রাজনৈতিক সমীকরণের এই আবহে রেলের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এখানেই শেষ নয়; আগামী দিনে যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে অন্যান্য শাখাতেও ট্রেনের সংখ্যা বা রুট বাড়ানোর পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে।

১৫ই জুন থেকে শুরু হতে চলা এই নতুন ট্রেনগুলি শিয়ালদহ ডিভিশনের হাজার হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতকে আরও কিছুটা মসৃণ ও আরামদায়ক করবে এমনটাই আশা করা হচ্ছে।



