Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে একের পর এক রেকর্ড গড়লেন স্মৃতি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো ভারত (Smriti Mandhana)।
দুরন্ত ছন্দে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)
একদিকে এশিয়া কাপে ভারতীয় পুরুষ দলের দাপট দেখছে গোটা বিশ্ব। অন্যদিকে দেশের মাটিতে সেরা ছন্দে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতীয় মহিলা দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত। আর সেখানেই তারা বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে চাইছে। নিজেদের সেরাটা দিয়ে খেলতে দেখা যাচ্ছে ভারতীয় মহিলা দলকে। বুধবার নিউ চণ্ডীগড়ে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেন ভারতীয় তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। ৭৭ বলে সেঞ্চুরি করে নজির গড়লেন তিনি। ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে (Smriti Mandhana)।
বুধবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত তিনি করেন ৯১ বলে ১১৭ রান। তার ইনিংসে ছিল ১৪টি চার এবং ৪টি ছক্কা। স্মৃতির এই বিধ্বংসী ইনিংসে ভর করে ভারত অস্ট্রেলিয়াকে ২৯৩ রানের লক্ষ্য দেয়। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৭০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্মৃতি মান্ধানা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি সেঞ্চুরি করেছিলেন ৮২ বলে।

আরও পড়ুন: Shah Rukh Khan: ছেলের হাতে বন্দী শাহরুখ, নতুন ইঙ্গিত খান পরিবারে!
এর পাশাপাশি তিনি আরও নজির সৃষ্টি করেছেন। ওপেনার হিসেবে দ্বাদশ শতরান করলেন স্মৃতি। মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে ওপেনার হিসেবে ১২টি সেঞ্চুরি করে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড এতদিন ছিল কিউয়ি ব্যাটার সুজি বেটস এবং ইংল্যান্ডের ট্যামি বিউমেন্টের দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির পর তাদের রেকর্ড স্পর্শ করলেন ভারতীয় তারকা ব্যাটার। এর পাশাপাশি গড়লেন চলতি বছরে সবথেকে বেশি রান করার রেকর্ড। চলতি বছরে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচে তার খাতায় রয়েছে ৮০৩ রান। পিছনে ফেলেছেন দীপ্তি শর্মাকে।
সেদিনের খেলায় পুরো টিমেরই দাপট দেখা গেছে। অস্ট্রেলিয়া ২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অল আউট হয়ে যায় মাত্র ১৯০ রানে। ভারত ম্যাচ জিতে নেয় ১০২ রানের বিশাল ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করার নিরিখেও এখন স্মৃতি দ্বিতীয় নম্বরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি তার তৃতীয় সেঞ্চুরি (Smriti Mandhana)।


