Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ২০০২ সালের ১৩ জুলাই লর্ডসের মাটিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বে যে ইতিহাস গড়েছিল টিম ইন্ডিয়া, ২৪ বছর পর অবিকল সেই দৃশ্যই ফিরে এল ক্রিকেট মক্কায়। তবে এবার আর মূল জাতীয় দল নয়, লর্ডসের ব্যালকনিতে ব্রিটিশদের দর্পচূর্ণ করে উল্লাসের সেই আইকনিক মুহূর্ত ফিরিয়ে আনলেন ভারতের বিশেষভাবে সক্ষম দলের ক্রিকেটারেরা। ইংল্যান্ডকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা।
ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স (Sourav Ganguly)
টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে ভারত। টুর্নামেন্টে এটাই ভারতের সর্বোচ্চ দলীয় স্কোর। ওপেনার অর্জুন গাওরে ৪৪ বলে ৬৮ রান করেন এবং অধিনায়ক মাদিজ মাগরে মাত্র ১৯ বলে অপরাজিত ৬৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং আক্রমণের সামনে ধসে পড়ে ইংল্যান্ড। মাত্র ১৩.৪ ওভারে ৮৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। হিলাল আহমেদ ওয়ানি ২১ রানে ৪ উইকেট এবং জয়েশ পারমার মাত্র ১৪ রানে ৩ উইকেট শিকার করে ভারতের বড় জয় নিশ্চিত করেন।
লর্ডসের ব্যালকনিতে জার্সি সেলিব্রেশন (Sourav Ganguly)
ম্যাচ জেতার পরেই লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে শুরু হয় বাঁধভাঙা উৎসব। ২০০২ সালের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর স্মৃতিকে উসকে দিয়ে ভারতের কয়েকজন দিব্যাঙ্গ ক্রিকেটারও জার্সি খুলে উল্লাসে ফেটে পড়েন। এমনকি দলের এক কর্তাকেও নিজের কোট খুলে বাতাসে ঘোরাতে দেখা যায়। ডিফারেন্টলি অ্যাবল ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া এই সেলিব্রেশনের ছবি শেয়ার করে লেখে, লর্ডসের ব্যালকনিতে খাঁটি ক্রিকেটীয় আনন্দের এই ছবি এক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করেছে।
আরও পড়ুন: East Bengal AFC: এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গোলের বন্যা বইয়ে দিল ইস্টবেঙ্গল
সৌরভের ঐতিহাসিক ফাইনাল (Sourav Ganguly)
ভারতের এই দুর্দান্ত জয় এবং লর্ডসের (Sourav Ganguly) ব্যালকনির উদযাপন দেখে নস্ট্যালজিক হয়ে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। মনে করিয়ে দেওয়া যাক ২০০২ সালের সেই ন্যাটওয়েস্ট ফাইনালের কথা, যেখানে নাসের হুসেনের সেঞ্চুরিতে ৩২৫ রানের পাহাড়ি লক্ষ্য তাড়া করতে নেমে যুবরাজ সিং ও মোহাম্মদ কাইফের ঐতিহাসিক জুটিতে জয় পেয়েছিল ভারত। আর সেই জয়ের পরেই মহারাজের ব্যালকনিতে জার্সি ওড়ানোর মুহূর্তটি আজও বাঙালির গর্বের প্রতীক। ২৪ বছর পর দিব্যাঙ্গ দলের হাত ধরে লর্ডসের সেই ঐতিহাসিক উন্মাদনা ফের একবার জীবন্ত হয়ে উঠল।



