Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: উত্তর কলকাতার জনপ্রিয় দুর্গাপুজো (Tala Prattoy 2026) টালা প্রত্যয়কে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযোগ করা হয়েছে, ২১৪ টাকা দিয়ে টিকিট কাটার পরেই নাকি মণ্ডপে প্রবেশের সুযোগ মিলছে। কোথাও কোথাও অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ক্ষেত্রে ২২৯ টাকা নেওয়ার কথাও উঠে এসেছে। এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে আলোচনা। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে সম্পূর্ণ ভুল তথ্য বলে দাবি করেছে পুজো কমিটি।
বাস্তবের সঙ্গে মিল নেই (Tala Prattoy 2026)
কেটিভি বাংলার তরফে এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের (Tala Prattoy 2026) বক্তব্য জানতে চাওয়া হলে, উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ দর্শনার্থীদের মণ্ডপে ঢোকার জন্য কোনও টাকা নেওয়া হচ্ছে না। ২১৪ টাকা দিয়ে প্রবেশের যে অভিযোগ সমাজমাধ্যমে ছড়িয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই বলেই দাবি তাঁদের।
গান ডাউনলোডে টাকা (Tala Prattoy 2026)
পুজো উদ্যোক্তা শুভঙ্কর সাহার বক্তব্য অনুযায়ী, একটি বিশেষ ঘটনার সঙ্গে এই টাকার বিষয়টি জড়িয়ে রয়েছে। তাঁর দাবি, শিল্পীর ইচ্ছায় একটি গান প্রকাশ করা হয়েছিল। সেই গানটি একটি অ্যাপের মাধ্যমে ডাউনলোড করার ব্যবস্থা ছিল। গানটি ডাউনলোড করতে ২০০ টাকা এবং তার সঙ্গে ১৪ টাকা জিএসটি দিতে হত। এর সঙ্গে দুটি কাপল পাসও দেওয়া হচ্ছিল। উদ্যোক্তাদের অভিযোগ, গান ডাউনলোডের জন্য ধার্য এই মূল্যকেই ভুলভাবে মণ্ডপে প্রবেশের টিকিটের দাম বলে প্রচার করা হচ্ছে।
ক্লাব কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মুখ্যমন্ত্রীর উদ্বোধনের কিছুক্ষণের মধ্যেই সাধারণ মানুষের জন্য মণ্ডপ খুলে দেওয়া হয়েছিল। তাঁদের দাবি, প্রতিদিনই বহু মানুষ টালা প্রত্যয় দেখতে আসছেন এবং দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে কোনও অসুবিধা হচ্ছে না।
আরও পড়ুন: Actor Soham: সিনেমায় অভিনয়ের নাম করে ১৫ লক্ষ টাকা? সোহমের আগাম জামিন খারিজ কলকাতা হাই কোর্টে
অন্যদিকে, সমাজমাধ্যমে সুস্মিতা দে নামে এক ব্যক্তির পোস্ট ও ভিডিও ঘিরেও আপত্তি জানিয়েছে পুজো কমিটি। কর্তৃপক্ষের দাবি, ভিডিওতে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এমনকী, মুখ্যমন্ত্রী নাকি মণ্ডপে প্রবেশের জন্য টিকিট কাটতে বলেছেন, এই দাবিও অস্বীকার করেছে তারা। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।
সব মিলিয়ে, টালা প্রত্যয়কে ঘিরে ২১৪ টাকার বিতর্কে একদিকে যেমন সমাজমাধ্যমে প্রশ্ন উঠছে, অন্যদিকে তেমনই অভিযোগের সত্যতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্লাব কর্তৃপক্ষ। ভাইরাল ভিডিওর দাবি এবং উদ্যোক্তাদের বক্তব্যের মধ্যে কোনটি বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে বিতর্ক অব্যাহত।


