Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভালোবাসেন এমন মন্তব্য নতুন নয়। তবে এবার সেই ধারণাকে আরও জোরালো করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে বিশেষ সংস্করণের পাসপোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি যুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে(Trump Passport)।
পাসপোর্টে ট্রাম্পের ছবি! (Trump Passport)
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট জানান, এই সীমিত সংস্করণের পাসপোর্টে থাকবে ট্রাম্পের প্রতিকৃতি, যা স্বাধীনতার ঘোষণাপত্রের লেখার ওপর বসানো থাকবে। নিচে থাকবে সোনালি রঙে তার স্বাক্ষর। পাশাপাশি পাসপোর্টের ভেতরে থাকবে জন ট্রাম্বুলের বিখ্যাত “ডিক্লারেশন অফ ইন্ডিপেনডেন্স” চিত্রকর্মের অংশ। নতুন ডিজাইনে কভারের লেখাতেও আনা হচ্ছে পরিবর্তন।
বিষয়টি নিয়ে বিতর্ক শুরু
যদিও এই পাসপোর্টের জন্য আলাদা কোনো ফি নেওয়া হবে না, তবুও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে, এটি ট্রাম্পের ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের অংশ, যেখানে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রতীকের সঙ্গে নিজের নাম ও ছবি জুড়ে দিতে চাইছেন।
সরকারি ভবনে ট্রাম্পের ব্যানার
এর আগে বিভিন্ন সরকারি ভবনে ট্রাম্পের ব্যানার টাঙানো, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন, এমনকি “ট্রাম্প-ক্লাস” যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণাও করেছেন তিনি। সম্প্রতি তার স্বাক্ষর মার্কিন মুদ্রায় যুক্ত করার পরিকল্পনাও সামনে এসেছে যা ইতিহাসে প্রথম।

ট্রাম্পের ‘ভ্যানিটি প্রজেক্ট’ (Trump Passport)
ডেমোক্র্যাটদের অভিযোগ, এই সব পদক্ষেপ আসলে ট্রাম্পের ‘ভ্যানিটি প্রজেক্ট’। তাদের মতে, সরকারি অর্থ ব্যয় করে ব্যক্তিগত প্রচার চালানো হচ্ছে। অনেক বিশেষজ্ঞও বলছেন, ট্রাম্প নিজেকে “বড় মাপের ঐতিহাসিক ব্যক্তিত্ব” হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন।
আরও পড়ুন: US Pentagon: পেন্টাগনের নাম বদলে ডিপার্টমেন্ট অব ওয়ার: প্রস্তাব ঘিরে নয়া বিতর্ক
কোনও দেশের পাসপোর্টে নেতার ছবি নেই (Trump Passport)
তুলনামূলকভাবে, বিশ্বের অন্য কোনও দেশ তাদের পাসপোর্টে বর্তমান নেতার ছবি ব্যবহার করে না। এমনকি উত্তর কোরিয়ার মতো দেশেও পাসপোর্টে নেতা কিম জং উনের ছবি নেই। সব মিলিয়ে প্রশ্ন উঠছে রাষ্ট্র আর ব্যক্তির সীমারেখা কোথায়? ভবিষ্যতে আর কী কী পরিবর্তন দেখা যাবে, সেটাই এখন দেখার।



