Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্ষার সক্রিয় পরিস্থিতির জেরে (Weather Alert) পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট আরও কয়েক দিন বজায় থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কখনও হালকা, কখনও মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
ঘূর্ণাবর্ত সক্রিয় (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের মতে (Weather Alert), বর্তমানে বর্ষাকালীন অক্ষরেখা উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল পেরিয়ে উত্তর-পূর্ব ভারতে পৌঁছেছে। পাশাপাশি উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যের দিকে প্রবেশ করছে।
ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Alert)
কলকাতায় আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। অন্যদিকে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
আরও পড়ুন: KMC: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্নির্ধারণ, ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে ভূমিধস বা জল জমার মতো সমস্যাও দেখা দিতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়াবিদরা।


