Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্ষা বিদায় নিলেও বৃষ্টি (Weather Update) কিন্তু পুরোপুরি থেমে যায়নি। অক্টোবরের শেষ প্রান্তে এসে সকাল-সন্ধ্যায় খানিকটা ঠান্ডা হাওয়া বইছে, কুয়াশা আর ধোঁয়াশার আস্তরণ পড়ছে আকাশে। অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো শীতের আগমন বার্তা। কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এখনই নয় -সামনের সপ্তাহেই আবার বৃষ্টির দেখা মিলতে পারে।
ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় (Weather Update)
হাওয়া অফিসের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপে (Weather Update) রূপ নিতে চলেছে। এর জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই ঝড়-বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সেখানে মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র থাকবে উত্তাল, বাতাসের গতিও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সুস্পষ্ট নিম্নচাপ (Weather Update)
অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরেও আরেকটি সুস্পষ্ট নিম্নচাপ (Weather Update) অবস্থান করছে। সেটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এবং আগামী ১২ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এর গতি কিছুটা কমে যাওয়ায় পশ্চিমবঙ্গে এর সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা
তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসবে সপ্তাহের শেষ দিকে। শুক্রবার থেকেই দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় আকাশ মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার, রবিবার ও সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি মূলত স্থানীয় পশ্চিমী প্রভাব ও আর্দ্রতার মিলিত ফল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

হালকা বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গে যদিও এখনই বড় কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না, তবে শুক্রবার, অর্থাৎ ২৪ অক্টোবর থেকে হাওয়ার মোড় ঘুরতে শুরু করবে। প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরদিন, শনিবার, বৃষ্টি ছড়াবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। রবিবার এবং সোমবারের মধ্যে বৃষ্টির পরিধি আরও বাড়বে – বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।
হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। শহর কলকাতায়ও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং একাধিক এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


