Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের শেয়ার বাজারের মন্দা কাটছে না কিছুতেই। চলতি সপ্তাহের তৃতীয় ট্রেডিং সেশনেও বজায় থাকল শেয়ার বাজারের ডাউনট্রেন্ড। এর জেরে গত সাতটি ট্রেডিং সেশনে একটানা পয়েন্ট হারিয়েছে নিফটি৫০। অন্যদিকে, সেনসেক্সের পতন অব্যাহত রয়েছে শেষ চার ট্রেডিং সেশন ধরে। বাজার বিশ্লেষকদের মতে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের পর এটিই নিফটি সূচকের সবচেয়ে দীর্ঘতম একটানা পতনের রেকর্ড।
বাজারের সূচক ও পরিসংখ্যান (Stock Market)
বুধবারের ট্রেডিং সেশন শেষে প্রধান সূচকগুলির মধ্যে সেনসেক্স ৩২৫ পয়েন্ট বা ০.৪২ শতাংশ কমে ৭৬,৯০৯ পয়েন্টে এসে ঠেকেছে। অন্য দিকে, টানা সাতটি সেশনে পতনের জেরে নিফটি৫০ ৭৭ পয়েন্ট হারিয়ে ২৪,০৭৮ পয়েন্টে নেমে গেছে।
পতনের কারণ (Stock Market)
বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, আন্তর্জাতিক এবং ভূ-রাজনৈতিক নানা নেতিবাচক প্রভাব সরাসরি এসে পড়ছে ভারতীয় শেয়ার বাজারে। এর মধ্যে প্রধানত পশ্চিম এশিয়ায় চলমান জটিল ও উত্তপ্ত পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে লাগাতার তেলের দাম বৃদ্ধি বিশেষভাবে দায়ী। এই সমস্ত নেতিবাচক ফ্যাক্টরের জেরে লগ্নিকারীদের মধ্যে অস্বস্তি ও সতর্ক মনোভাব বজায় রয়েছে।
সেক্টরভিত্তিক পারফরম্যান্স (Stock Market)
প্রধান সূচকগুলির পাশাপাশি এ দিন দেশের দুই স্টক এক্সচেঞ্জের অধিকাংশ সেক্টরাল ইনডেক্সও ছিল নিম্নমুখী। মিডক্যাপ ও স্মলক্যাপ ইনডেক্সগুলির বড় অঙ্কের পতন হয়েছে। এ ছাড়াও নিফটি-র ডিফেন্স, এনার্জি, মিডিয়া, ইনফ্রাস্ট্রাকচার, এফএমসিজি, অয়েল অ্যান্ড গ্যাস, ফিনানশিয়াল সার্ভিস এবং ফার্মা সেক্টরের সূচক পয়েন্ট হারিয়েছে। তবে ব্যাঙ্ক, রিয়েলটি এবং মেটালের মতো সেক্টরাল ইনডেক্সের গ্রাফ লাল থাকলেও সেখানে পতনের মাত্রা তুলনামূলকভাবে কম ছিল। এর মধ্যেই সার্বিক ডাউন মার্কেটের বিপরীত স্রোতে হেঁটে আইটি, ক্যাপিটাল মার্কেট এবং ট্যুরিজ়মের মতো কিছু সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট বাড়তে দেখা গিয়েছে।
আরও পড়ুন: DHFC: বন্ধ হওয়ের বথে কি ডায়মন্ড হারবার এফসি?
সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত স্টকগুলি
বুধবার নিফটি৫০ (Stock Market) ইনডেক্সের অন্তর্ভুক্ত ৫০টি তালিকাভুক্ত সংস্থার মধ্যে ৩৪টিরই শেয়ার দর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ম্যাক্স হেলথকেয়ার ইনস্টিটিউট, কোল ইন্ডিয়া, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, বাজাজ ফিন্যান্স, আইটিসি এবং জিয়ো ফিনানশিয়াল সার্ভিসেসের মতো সংস্থাগুলির শেয়ার।



