Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: ‘গতরাতে স্ত্রী কামড়ে দিয়েছে’—ক্লিনিক্যাল নোটে বড় বড় অক্ষরে লেখা। আর তার নীচেই চিকিৎসকের পরামর্শ, ‘বউয়ের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।’ এসএসকেএম(SSKM) হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের একটি ওপিডি টিকিট সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল চর্চা। তবে সত্যিই কি এমন পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক? নাকি গোটা বিষয়টাই সাজানো? তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
ভাইরাল প্রেসক্রিপশন ঘিরে প্রশ্ন(SSKM)
ভাইরাল হওয়া টিকিটে রোগীর বয়স ৫৭ বছর এবং লিঙ্গ পুরুষ হিসেবে উল্লেখ রয়েছে। দাবি, গত ১৪ আগস্ট এসএসকেএমের (SSKM) ফিজিক্যাল মেডিসিন বিভাগের বহির্বিভাগে ওই রোগী চিকিৎসা করাতে গিয়েছিলেন। টিকিটে সেদিনের ওপিডি ডিউটিতে থাকা তিন চিকিৎসকের নামও রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাঁদের মধ্যে কেউ কি সত্যিই এমন মন্তব্য করেছিলেন? টিকিটের ক্লিনিক্যাল নোটের জায়গায় লেখা রয়েছে ‘Wife Bite’।
পাশাপাশি ক্ষতস্থানে লালচে ভাব ও ফোলাভাবের উল্লেখ রয়েছে। গ্যাসের সমস্যা, ব্যথা কমানোর ওষুধ এবং ত্বকের সংক্রমণের জন্য মলমও প্রেসক্রাইব করা হয়েছে বলে দেখা যাচ্ছে। কিন্তু হাসপাতালের চিকিৎসক ও নার্সদের একাংশ এমন কোনও রোগীর কথা মনে করতে পারছেন না।
আরও পড়ুন: Calcutta University: ক্যাম্পাসে ঢুকতে বাধা! ছাত্রদের জন্য তালা, ABVP-র জন্য খোলা দরজা
আসল নাকি সাজানো? উঠছে প্রশ্ন(SSKM)
প্রেসক্রিপশনে রোগীর নামের অংশটি ঢাকা রয়েছে। চিকিৎসকদের একাংশের প্রাথমিক ধারণা, টিকিটটি অন্য কোথাও থেকে সংগ্রহ করে তাতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য যোগ করা হয়ে থাকতে পারে। আবার কেউ কেউ বিষয়টিকে নিছক মজার ঘটনা হিসেবেও দেখছেন। তবে এখনও প্রেসক্রিপশনটি আসল না নকল, তা নিশ্চিত নয়।
আরও পড়ুন: Barrackpore Metro: বরানগর-ব্যারাকপুর রুটে ছুটবে মেট্রো, জট কাটল পিঙ্ক লাইনের! স্বাগত মুখ্যমন্ত্রীর
তদন্তে পুলিশের দ্বারস্থ এসএসকেএম(SSKM)
বিষয়টি হালকাভাবে নিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। ভাইরাল টিকিটটির নেপথ্যে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে সেটি সমাজমাধ্যমে ছড়ানো হয়েছে, তা খতিয়ে দেখতে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে এসএসকেএম কর্তৃপক্ষ। পুলিশের তদন্তেই এবার সামনে আসতে পারে ভাইরাল ‘ওয়াইফ বাইট’ প্রেসক্রিপশনের আসল রহস্য।


