Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সব কিছু যখন বেশ স্বাভাবিক ও ঠিকঠাক গতিতে এগোচ্ছিল, ঠিক তখনই ফের চরম অস্বস্তিতে লাল-হলুদ শিবির (East Bengal Fifa)। ইস্টবেঙ্গল ক্লাবের আকাশে ঘনিয়ে এসেছে নতুন চিন্তার মেঘ। গত মরশুমের প্রধান কোচ অস্কার ব্রুজোর দুই সহকারী—জেভিয়ার স্যাঞ্চেজ এবং আদ্রিয়ান তাদের বকেয়া বেতনের দাবিতে কঠোর অবস্থান নিয়েছেন। এই বিষয়ে তাঁরা ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার দ্বারস্থ হয়েছেন।
ফিফার লিগাল ডিপার্টমেন্টের মেল (East Bengal Fifa)
সহকারী কোচদ্বয়ের অভিযোগের প্রেক্ষিতে ফিফার লিগাল ডিপার্টমেন্ট থেকে গত ৩১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের কাছে একটি আনুষ্ঠানিক মেল পাঠানো হয়েছে। দ্রুত এই বকেয়া অর্থ না মেটালে ফিফার তরফ থেকে কঠোর শাস্তি হিসেবে ক্লাবের ওপর ‘ট্রান্সফার ব্যান’ চাপানো হতে পারে। আসন্ন আইএসএল মরসুম শুরু হওয়ার ঠিক মুখে এমন এক আইনি জটিলতা ক্লাব কর্তাদের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু বিদেশি সাপোর্ট স্টাফই নয়, গুঞ্জন রয়েছে যে গত মরশুমের বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারের বেতনও এখনও বাকি পড়ে রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিতর্ক (East Bengal Fifa)
পুরো বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার দুপুরের দিকে, যখন ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে সক্রিয় একটি এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে আইএসএল জয়ী কোচ অস্কার ব্রুজোকে লক্ষ্য করে নিন্দাসূচক মন্তব্য করা হয়। এর প্রতিবাদে অস্কারের পাশাপাশি সামাজিক মাধ্যমে মুখ খোলেন তাঁর দুই সহকারী। আদ্রিয়ান ক্ষোভ প্রকাশ করে লেখেন, “যিনি চোরের ভূমিকায়, তিনিই পরে পুলিশের ভূমিকায় রয়েছেন।” পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অস্কারকে শান্ত করতে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়।
সমস্যার মেঘ কাটিয়ে লাল-হলুদের ভবিষ্যৎ কী? (East Bengal Fifa)
সোশ্যাল মিডিয়ায় এই বিতর্কের মাঝেই সহকারী কোচ জেভিয়ার পোস্ট করে সরাসরি জানান যে, তাঁর প্রাপ্য বকেয়া বেতন ক্লাব এখনও মেটায়নি (East Bengal Fifa)। সেখান থেকেই খবর নিয়ে জানা যায়, বকেয়া আদায়ের জন্য ৩১ আগস্টই ফিফায় দরখাস্ত জমা করেছিলেন জেভিয়ার ও আদ্রিয়ান। প্রতিবেশী ফুটবল ক্লাব মহামেডান ইতিমধ্যেই ফিফার ব্যানের কবলে পড়ে চরম সমস্যার মুখোমুখি হয়েছে। এখন দেখার, দ্রুত বকেয়া মিটিয়ে ইস্টবেঙ্গল এই ফাঁদ এড়াতে পারে, নাকি তাদেরও ট্রান্সফার ব্যানের মতো কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়।



