Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরাখণ্ডের পাহাড়ে ফের দুর্যোগের (Kedarnath Cloudburst) ছায়া। রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ যাত্রাপথের চীরবাসা এলাকায় আচমকা মেঘভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ধস নামে। হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাহাড়ের উপর থেকে প্রবল স্রোতে নেমে আসে কাদা, মাটি এবং বড় বড় পাথর। তার জেরে ক্ষতিগ্রস্ত হয় কেদারনাথ যাওয়ার গুরুত্বপূর্ণ পদযাত্রার রাস্তা।
মেঘভাঙা বৃষ্টির জের (Kedarnath Cloudburst)
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেঘভাঙা বৃষ্টির (Kedarnath Cloudburst) জেরে পাহাড়ি জলের প্রবল স্রোত নেমে আসে। তার সঙ্গে ধেয়ে আসা পাথর ও ধ্বংসাবশেষের আঘাতে রাস্তার প্রায় ১৫০ মিটার অংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছুটা রাস্তা কার্যত ভেসে যাওয়ায় তীর্থযাত্রায় বড়সড় প্রভাব পড়েছে।
পায়ে হেঁটে কেদারনাথ যাওয়ার যাত্রা বন্ধ
পরিস্থিতি নিয়ন্ত্রণে আপাতত ওই পথে পায়ে হেঁটে কেদারনাথ যাওয়ার যাত্রা বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে বিপজ্জনক অংশে তীর্থযাত্রীদের যাতায়াত নিষিদ্ধ করেছে প্রশাসন। যাঁরা ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন, তাঁদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: Liquor Price Hike: পুজোর আগেই বাড়ছে মদের দাম!
বিপর্যয়ের খবর পাওয়ার পরই দ্রুত উদ্ধার ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজে নামে প্রশাসন। এসডিআরএফ, এনডিআরএফ, পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। রাস্তার উপর জমে থাকা পাথর, কাদা ও অন্যান্য ধ্বংসাবশেষ সরানোর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ফের সচল করার চেষ্টা চলছে।


