Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে (Modi Birthday)। সেই কর্মসূচির আবহ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দিনভর একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকেই বিশেষ কর্মসূচির সাক্ষী থাকল উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় সেখানে আয়োজন করা হয় পুজো ও যজ্ঞের। সকাল থেকেই ধর্মীয় আচার-অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। হোম, যজ্ঞ এবং আরতির মাধ্যমে সম্পন্ন হয় বিশেষ প্রার্থনা।
মোদির ছবি দেওয়া কেক ও লাড্ডু (Modi Birthday)
পুজোর আয়োজনস্থলে প্রধানমন্ত্রীর ছবির সামনে রাখা হয় মোদির ছবি দেওয়া কেক ও লাড্ডু। ধর্মীয় অনুষ্ঠান শেষ হওয়ার পর সেই খাবার সাধারণ মানুষ এবং পথচারীদের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়। জন্মদিনের কর্মসূচিকে ঘিরে স্থানীয় বিজেপি সমর্থকদের মধ্যে এদিন যথেষ্ট উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানকে শুধুমাত্র পুজো-যজ্ঞের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশের বার্তাও তুলে ধরা হয়। এলাকাবাসীদের হাতে তুলে দেওয়া হয় মোট ৭৬টি তুলসী গাছ। প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনকে স্মরণ করেই এই সংখ্যাটি বেছে নেওয়া হয়েছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয় (Modi Birthday)।
আরও পড়ুন: USA: ট্রাম্পের ভিসা কড়াকড়ি সত্ত্বেও আমেরিকায় বাড়ছে ভারতীয়
উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। উদ্যোক্তাদের বক্তব্য, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে বিজেপির তরফে যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ঠনঠনিয়া কালীবাড়ির এই পুজো ও যজ্ঞও তারই একটি অংশ। মন্ত্রী তাপস রায় জানান, প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিভিন্ন জায়গায় পুজো এবং যজ্ঞের আয়োজন করা হচ্ছে। সব মিলিয়ে জন্মদিনের সকালে ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় ধর্মীয় আচার, প্রসাদ বিতরণ এবং তুলসী গাছ উপহার দেওয়ার কর্মসূচিকে ঘিরে তৈরি হয় এক বিশেষ আবহ।



