Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে চলছে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’ (Seva Jyoti Yatra)। সেই কর্মসূচির সমাপ্তি পর্বে আগামী ৭ অক্টোবর দেশব্যাপী ‘সেবা জ্যোতি যাত্রা’র আয়োজন করতে চলেছে বিজেপি। বাংলাতেও প্রতিটি জেলায় এই কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি। একইসঙ্গে আসন্ন পুরভোটকে সামনে রেখে বুথস্তরে জনসংযোগ আরও শক্তিশালী করতে দলীয় কর্মীদের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।

৭ অক্টোবর মশাল হাতে পথে বিজেপি কর্মীরা (Seva Jyoti Yatra)
রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে ২৫ বছর ধরে একটানা সরকারের প্রধান পদে থাকা বিরল ঘটনা। সেই উপলক্ষেই ৭ অক্টোবর দেশজুড়ে ‘সেবা জ্যোতি যাত্রা’ হবে। বাংলার ২৩টি প্রশাসনিক জেলার সদরেও এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। মশাল হাতে পদযাত্রায় অংশ নেবেন বিজেপি কর্মী-সমর্থকেরা। দলের দাবি, সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যুক্ত করা হবে।
জায়ান্ট স্ক্রিনে মোদি-নীতিনের ভাষণ (Seva Jyoti Yatra)
৭ অক্টোবরের কর্মসূচির সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ভাষণ সম্প্রচার করা হবে। জেলার সদরগুলিতে জায়ান্ট স্ক্রিন বসিয়ে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সেই ভাষণ শোনানোর পরিকল্পনা করা হয়েছে। প্রকাশ্য স্থান থেকে ইনডোর স্টেডিয়াম—দুই ধরনের জায়গাতেই আয়োজন হতে পারে। ভাষণ শেষ হওয়ার পরই শুরু হবে ‘সেবা জ্যোতি যাত্রা’।
পুরভোটের আগে বুথে বুথে জনসংযোগ (Seva Jyoti Yatra)
শুধু একটি দিনের কর্মসূচি নয়, পুজোর মরশুমকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি জনসংযোগ কর্মসূচিও নিয়েছে বঙ্গ বিজেপি। বুথভিত্তিক প্রচারের জন্য আট দফা গাইডলাইন তৈরি করা হয়েছে। নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। মূল লক্ষ্য, পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা।
বাড়ি বাড়ি সরকারের কাজের প্রচার (Seva Jyoti Yatra)
বুথস্তরের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরতে বলা হয়েছে। ইতিমধ্যেই ‘সেবা ক্যাম্প’-এর মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছে। সেই অভিজ্ঞতাকেই এবার আরও বিস্তৃত জনসংযোগে কাজে লাগাতে চাইছে দল।
‘সেবা সেতু’কে হাতিয়ার করে নিচুতলায় সংগঠন
বিজেপি বিধায়ক থেকে জেলা সভাপতি—দলের বিভিন্ন স্তরের নেতারা ‘সেবা সেতু’ ক্যাম্পের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি। বিধায়ক রুদ্রনীল ঘোষের বক্তব্য, এই ক্যাম্পে নাগরিকেরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এবার সেই যোগাযোগকে বুথস্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আরও পড়ুন:Cyber Crime: নিউটাউনে আন্তর্জাতিক ফেক কল সেন্টারের হদিস, গ্রেফতার ২৪
ক্ষমতায় এসে জনসংযোগই বড় পরীক্ষা?
রাজ্যে ক্ষমতায় আসার পর নিচুতলায় জনসংযোগে ঘাটতি রয়েছে—দলের অন্দরেই এমন মূল্যায়ন রয়েছে বলে খবর। তাই পুরভোটের আগে বুথকর্মীদের আরও সক্রিয় করে মানুষের দরজায় পৌঁছনোর কৌশল নিয়েছে বিজেপি। ‘সেবা জ্যোতি যাত্রা’ থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার—সবকিছুর লক্ষ্যই এক, সংগঠনকে মজবুত করা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি রাজনৈতিক যোগাযোগ আরও গভীর করা।



