Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভোরবেলায় প্রাক্তন সাংসদ তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Bikash Ranjan Bhattacharya)। অভিযোগ, বৃহস্পতিবার ভোরে পূর্ব যাদবপুরে তাঁর বাড়ির সামনে বাইকে করে আসে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এরপর বাড়ি লক্ষ্য করে একের পর এক বোতল ও ইট ছোড়া হয়। হামলার জেরে বাড়ির তিনটি জায়গার জানলার কাচ ভেঙে যায়। ভাঙচুর করা হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরাও। ঘটনায় পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিকাশরঞ্জন।
সিসিটিভিতে ধরা পড়ল হামলার ছবি (Bikash Ranjan Bhattacharya)
হামলার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, মুখ গামছা দিয়ে ঢাকা অবস্থায় এক ব্যক্তি বাইকে করে বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছেন। তাঁর হাতে ছিল একটি সাদা প্যাকেট। এরপর বাড়ি লক্ষ্য করে পরপর মদের বোতল ছুড়তে দেখা যায় তাঁকে। হামলার পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগ।
‘আমরা দেশভক্ত’, দাবি হামলাকারীর! (Bikash Ranjan Bhattacharya)
সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, “আমরা হলাম দেশভক্ত। আমাদের সঙ্গে লাগবি না।” এই বক্তব্যকে কেন্দ্র করে ঘটনাটি আরও রাজনৈতিক মাত্রা পেয়েছে। বিকাশরঞ্জনের অভিযোগ, হামলাকারীরা পরিকল্পনা করেই এসেছিল। মুখ ঢাকার পাশাপাশি বাইকের নম্বর প্লেটও আড়াল করা ছিল বলে দাবি তাঁর।
‘আমাকে ভয় দেখানো যাবে না’ (Bikash Ranjan Bhattacharya)
শব্দ শুনে ভোরেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন বিকাশরঞ্জন। তাঁর অভিযোগ, হামলাকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বাড়ি এবং নিরাপত্তা ব্যবস্থাকে নিশানা করেছে। তিনি প্রশ্ন তুলেছেন, এই ধরনের হামলাকারীদের সন্ত্রাসী বলা হবে না তো কাদের বলা হবে? একইসঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে তাঁর দাবি, এই হামলা তাঁকে ভয় দেখাতে পারবে না।
নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত (Bikash Ranjan Bhattacharya)
হামলার পর নিজের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছেন প্রাক্তন সাংসদ। কলকাতার নগরপালের কাছে বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখার বিশেষ অনুমতি চাওয়ার কথা জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
আরও পড়ুন: Suvendu on Mamata: মমতার পায়ে “ভুয়ো” চোট, তদন্তের দাবি শুভেন্দুর
তদন্তে এখন সিসিটিভিই বড় সূত্র
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। মুখ ও বাইকের নম্বর প্লেট ঢাকা থাকলেও তাদের গতিবিধি, বাইকের ধরন এবং হামলার সময়ের অন্যান্য ফুটেজ তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়িতে এমন হামলার ঘটনায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।



