Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় সিনিয়র ফুটবল দলের একের পর এক ব্যর্থতার মাঝে আশার আলো দেখাচ্ছে ছোটরা (AFC U17 Asian Cup)। বিশ্বকাপ খেলার স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। মালয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে AFC অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল ব্লু কোল্টসরা। শুক্রবার গ্রুপ ‘E’-র শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই যোগ্যতা নিশ্চিত হয়ে যেত ভারতের। সেই লক্ষ্য পূরণ করে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই গ্রুপের শীর্ষে শেষ করল ভারত। ২০২৭ সালে উজবেকিস্তানে বসবে মূল পর্বের আসর।

মালয়েশিয়ার আক্রমণ সামলে ভারতের রক্ষণ (AFC U17 Asian Cup)
টানা তিন ম্যাচে জয়ের পর মালয়েশিয়ার বিরুদ্ধে কিছুটা ছন্দহীন দেখিয়েছে ভারতকে। আক্রমণে সেভাবে ধার তৈরি করতে পারেনি মেহরাজউদ্দিন ওয়াড়ুর দল। বরং ম্যাচের বেশির ভাগ সময় আক্রমণাত্মক ফুটবল খেলেছে মালয়েশিয়া। বারবার ভারতীয় বক্সে ঢুকে গোলের সুযোগ তৈরি করলেও ভারতীয় রক্ষণভাগের দৃঢ়তায় গোল পায়নি তারা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয় ম্যাচ। তবে এই এক পয়েন্টই ভারতকে মূল পর্বে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।

চার ম্যাচে ২০ গোল, নজির গাংতের (AFC U17 Asian Cup)
যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত ফুটবল খেলেছে ভারতের তরুণরা। চার ম্যাচে মোট ২০টি গোল করেছে তারা। AFC অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে এটিই ভারতের সর্বোচ্চ গোলের নজির। অধিনায়ক দাল্লালমুয়োন গাংতে একাই করেছেন সাতটি গোল। আক্রমণভাগের এই দুরন্ত পারফরম্যান্সই ভারতকে গ্রুপের শীর্ষে পৌঁছে দিয়েছে।

চার ম্যাচে ভারতের পারফরম্যান্স (AFC U17 Asian Cup)
সিঙ্গাপুরকে ৪-২ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে গুয়ামকে ১২-০ গোলে উড়িয়ে দেয় ব্লু কোল্টসরা। এরপর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পিছিয়ে পড়েও প্যালেস্তাইনকে ৪-১ গোলে হারায় তারা। শুক্রবার মালয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অভিযান শেষ করল ভারত।

আরও পড়ুন: Brij Bhushan Singh: ব্রিজভূষণের খালাসের রায়কে চ্যালেঞ্জ, আদালতে চার কুস্তিগির
এশিয়ান কাপ থেকে বিশ্বকাপের স্বপ্ন (AFC U17 Asian Cup)
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া ভারতের কাছে বড় সাফল্য (AFC U17 Asian Cup)। কারণ এই প্রতিযোগিতা অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ২০০২ ও ২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল ভারত। সেটাই এই প্রতিযোগিতায় তাদের সেরা পারফরম্যান্স। গত বার সৌদি আরবে আয়োজিত প্রতিযোগিতায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। এ বার সেই হতাশা কাটিয়ে ভালো ফল করাই লক্ষ্য গাংতেদের। ছোটদের এই সাফল্যে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশার আলো দেখছেন সমর্থকরা।



