Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বর্ধমান স্টেশনে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ১৮ লক্ষ টাকা উদ্ধার করল আরপিএফ। বিপুল অঙ্কের নগদ-সহ গ্রেফতার করা হয়েছে এক মাঝবয়সী ব্যক্তিকে(Bardhaman Station)। বৃহস্পতিবার ডাউন অকাল তখত এক্সপ্রেস বর্ধমান স্টেশনে ঢোকার পর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নামেন ওই ব্যক্তি। ঠিক সেই সময় তাঁর সন্দেহজনক আচরণ নজরে আসে টহলরত আরপিএফ কর্মীদের।
তল্লাশিতে মিলল গোছাভরা নোট (Bardhaman Station)
এরপরেই শুরু হয় জিজ্ঞাসাবাদ ও ব্যাগ তল্লাশি। ব্যাগ খুলতেই পুলিশের চোখ কপালে—গোছা গোছা নোটে ভরা ব্যাগ! গণনায় উঠে আসে প্রায় ১৮ লক্ষ টাকার অঙ্ক। আরপিএফ সূত্রের দাবি, রুটিন চেকিংয়ের অংশ হিসেবেই প্ল্যাটফর্মে বাড়তি নজরদারি চলছিল। বিশেষত দূরপাল্লার ট্রেন থেকে নামা যাত্রীদের গতিবিধির দিকে কড়া নজর রাখছিলেন কর্তব্যরত কর্মীরা। তাঁদের কথায়, নামার পর থেকেই বারবার চারদিকে তাকাচ্ছিলেন ওই ব্যক্তি এবং দ্রুত স্টেশন ছাড়ার চেষ্টা করছিলেন। সেই আচরণেই সন্দেহ আরও বেড়ে যায়।
জিজ্ঞাসাবাদে মেলেনি সঠিক জবাব (Bardhaman Station)
প্রথমে জিজ্ঞাসাবাদের মুখে কোনও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি। পরে জানান, সোনার ব্যবসার সঙ্গে যুক্ত এবং পাটনার এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন। দাবি করেন, পাটনা থেকে নগদ টাকা নিয়ে কলকাতার বউবাজারের একটি পাইকারি দোকানে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ব্যাগের উৎস, টাকার মালিকানা বা বৈধ নথি—কোনও প্রশ্নেরই সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি।
টাকা বাজেয়াপ্ত করে আদালতে পেশ (Bardhaman Station)
আরপিএফ-এর এক আধিকারিক জানান, “এত বড় অঙ্কের নগদ থাকলে প্রয়োজনীয় কাগজপত্র থাকা বাধ্যতামূলক। তাঁর কাছ থেকে কোনও নথিই পাওয়া যায়নি।” এরপর অভিযুক্তকে ব্যাগ-সহ জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়। জিআরপি সূত্রে জানানো হয়েছে, টাকার উৎস স্পষ্ট না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি পুলিশের হেফাজতেই থাকবেন। উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করে আদালতে পেশ করা হয়েছে।
বেআইনি লেনদেন বা হাওলা চক্রের টাকা! (Bardhaman Station)
পুলিশের প্রাথমিক অনুমান, টাকা কোনও বেআইনি লেনদেন বা হাওলা চক্রের সঙ্গে যুক্ত হতে পারে। অতীতে বিহার–পশ্চিমবঙ্গ রুটে কয়েকবার হাওলার টাকা আটক হয়েছে। তাই এই ঘটনাকেও সেই দৃষ্টিকোণ থেকেই দেখছে তদন্তকারী কর্তৃপক্ষ। এক সিনিয়র আধিকারিক জানান, “এত বড় অঙ্কের টাকা, আবার কোনও নথি নেই—স্বাভাবিকভাবেই তদন্ত দরকার। টাকা কোথা থেকে এল, কার কাছে পৌঁছানোর কথা ছিল—সবটাই খতিয়ে দেখা হবে”।
আরও পড়ুন: SSC List: আদালতের নির্দেশ মেনে অযোগ্যদের নাম, পিতৃ পরিচয়, রোল নম্বর প্রকাশ কমিশনের
তদন্তে আয়কর বিভাগকেও যুক্ত করা হবে (Bardhaman Station)
ঘটনার পর স্টেশনে সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, টাকার উৎস পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রয়োজনে তদন্তে আয়কর দফতরকেও যুক্ত করা হতে পারে।



