Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলার আবহাওয়ায় আবারও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস (Weather Update)। পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের আসাম ও নাগাল্যান্ড অঞ্চলেও আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত একটি বিস্তৃত অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই তিনটি আবহাওয়াগত কারণ মিলেই পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা (Weather Update)
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বিশেষ করে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে প্রায় ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। রাজ্যের রাজধানী কলকাতাতেও বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দিনের বেশ কিছুটা সময় আংশিক মেঘলা আকাশ থাকলেও বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানানো হয়েছে।
কলকাতার তাপমাত্রার চিত্র (Weather Update)
আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকার কারণে তাপমাত্রা তুলনামূলকভাবে সহনীয় থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় রয়েছে।

বুধবারে আরও বাড়বে বৃষ্টির সম্ভাবনা (Weather Update)
বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা বেশি। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।
আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত (Weather Update)
বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। ওই দিন থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে ধীরে ধীরে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার ফের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা (Weather Update)
উত্তরবঙ্গের আবহাওয়ার চিত্র আরও ভিন্ন। আগামী ছয় থেকে সাত দিন সেখানে বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকতে পারে। আজ মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
ঝড়ো হাওয়ার সতর্কতা
বুধবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কয়েক দফা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।



