Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল নাইটরা শেষ করল দিল্লির কাছে ৪০ রানে হেরে (KKR vs DC)
দিল্লির কাছে হার নাইটদের (KKR vs DC)
অবশেষে সমস্ত জল্পনার অবসান। প্লে-অফে যাওয়ার জন্য কোন দলকে কী করতে হবে সে সব অঙ্ক শেষ এই মরশুমের মতো। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে বাজিমাত করেছে রাজস্থান রয়্যালস। ইডেনে কলকাতা বনাম দিল্লির ম্যাচ বলা যায় গুরুত্বহীন হয়ে গেছিল। যে ম্যাচের হার-জিতের কোনও প্রভাব থাকল না। তবু শেষ ম্যাচ জয়ের স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন পূরণও হল না কলকাতার সমর্থকদের। দিল্লির কাছে ৪০ রানে হেরে নিজেদের আইপিএল অভিযান শেষ করল নাইট শিবির (KKR vs DC)।
মরশুমের শুরুর দিকে পরপর ম্যাচ হেরে কলকাতার আশা যখন শূন্য তখনই আবার ঘুরে দাঁড়ায় নাইট বাহিনী। পরপর ম্যাচ জিতে আবার ফিরে আসে প্লে-অফে যাওয়ার আশা। তবে অঙ্ক ততক্ষণে অঙ্ক বড্ড জটিল আকার ধারণ করেছে। শেষ সবকটি ম্যাচই হয়ে উঠেছিল ডু অর ডাই কিন্তু সেখানেও শেষ ম্যাচে ছন্দ পতন।
আরও পড়ুন: India Missile: ভারতের প্রতিরক্ষায় নয়া পালক: স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের সফল উৎক্ষেপণ
লিগ পর্বের শেষ ম্যাচে নিজেদের ঘরের ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স আর দিল্লি ক্যাপিটালস। দিল্লি আগেই ছিটকে গেছিল তবে তাঁদেরও লক্ষ্য ছিল শেষ ম্যাচে জয় নিজেদের নামে করা আর সেই লক্ষ্য তাঁরা পূর্ণ করলেন।
টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক রাহানে। দিল্লির হয়ে অভিষেক পোড়েল এবং কেএল রাহুল শুরুটা ভালই করেন। তবে অভিষেক ফেরেন ২২ রানে। তবে এই ম্যাচেও রাহুল নিজের দক্ষতার পরিচয় দিলেন। অভিষেক পোড়েলকে ফেরানোর কাজটা করেন সৌরভ দুবে।
দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন একাই। নাইট বোলারদের খুব একটা পাত্তা দিচ্ছিলেন না এই তারকা ব্যাটার। ৩০ বলে ৬০ রানের ইনিংস খেলে আউট হন রাহুল। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার এবং ৪টি ছয় দিয়ে।
এরপর সাহিল পরখ ২৪, অক্ষর প্যাটেল ৩৯ এবং মিলারের ২৮ রানের সৌজন্যে ২০ ওভারের শেষে দিল্লির রান দাঁড়ায় ২০৩। দিল্লির জন্য মরশুম ভাল না গেলেও রাহুলের জন্য অন্যতম সফল মরশুম। কলকাতার হয়ে দুটি উইকেট নেন সৌরভ দুবে, একটি করে উইকেট নেন অনুকূল রায়, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন রাহানে এবং ফিন অ্যালেন। অ্যালেন এর আগে দিল্লির বিরুদ্ধে ভাল রান করলেও এই ম্যাচে বড় রান করতে ব্যর্থ হন অ্যালেন। তিনি ফেরেন ২০ রান করে। তাঁর উইকেট নিয়ে নাইট শিবিরে ভাঙন আনেন এনগিডি (kKR vs DC)।
এরপর তিন নম্বরে নেমে মনীষ পান্ডে জুটি বাঁধেন রাহানের সঙ্গে। দ্রুত গতিতে রান উঠতে থাকে। তখন শেষ ম্যাচ জিতে মান রক্ষার স্বপ্ন দেখছে কলকাতার সমর্থকরা। তবে বড় শট মারতে গিয়ে ২৫ রানে ফেরেন পান্ডে।
এই ম্যাচে আবার ব্যর্থ হলেন কলকাতার সবথেকে দামি তারকা গ্রিন। কুলদীপ যাদবের বলে দুই রানে ফেরেন এই তারকা অলরাউন্ডার (KKR vs DC)।
এরপর জুটি বাঁধেন রভম্যান পাওয়েল। রাহানের আজকের ম্যাচে বেশ দ্রুত রান তুলতে থাকেন। ৩১ বলে হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন কিন্তু তিনিও আউট হন ৬৩ রানে।
শেষ কয়েকটি ম্যাচে ফর্মে ফিরলেও এই ম্যাচে খাতা না খুলেই ফিরলেন রিঙ্কু সিং। তেজস্বী দাহিয়ার কাছে সুযোগ থাকলেও কাজে লাগাতে পারলেন না তিনি। পাওয়েল চেষ্টা করলেও তাঁর একার পক্ষে সম্ভব ছিল না আর এই ম্যাচ বের করে আনা। ১৬৩ রানে থামে নাইট বাহিনী। লিগ পর্বের শেষ ম্যাচ দিল্লির কাছে ৪০ রানে হেরে শেষ করল শাহরুখ খানের দল (KKR vs DC)।


