Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সবুজ-মেরুন শিবিরে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা (Mohun Bagan)। রবিবার মধ্যরাতে প্রায় আড়াইটে নাগাদ, যা কার্যত সোমবারের ভোর তিনি কলকাতায় এসে পৌঁছবেন। তাঁর এই কলকাতায় আসা নিয়ে মোহনবাগান সমর্থকদের উন্মাদনা তুঙ্গে।
চুক্তির বিস্তারিত (Mohun Bagan)
মোহনবাগানের সঙ্গে দু’বছরের চুক্তি সই করেছেন ২৬ বছরের এই প্রতিভাবান ফুটবলার। পেশাদার ফুটবলে পা রাখার পর এশিয়ার ফুটবলে প্রথম তাঁকে দেখা গিয়েছিল বাংলাদেশের নামী ক্লাব বসুন্ধরা কিংসে। সেখানে টানা তিন বছর সফলভাবে খেলার পর, গত মরসুমে তিনি নাম লিখিয়েছিলেন লাল-হলুদ শিবিরে। আর এ বার কলকাতার অপর প্রধানে নাম লিখিয়ে সবুজ-মেরুন জার্সিতে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে চলেছেন তিনি।
গত মরসুমের পারফরম্যান্স (Mohun Bagan)
মাঝমাঠ নিয়ন্ত্রণ করার পাশাপাশি নিখুঁত পাস বাড়িয়ে গোলের সুযোগ তৈরি করায় দারুণ দক্ষ মিগুয়েল। গত আইএসএল (ISL) মরসুমে ইস্টবেঙ্গলের জার্সিতে তিনি ১২টি ম্যাচ খেলে ২টি গোল করেছিলেন। শুধু নিজে গোল করা নয়, দলের সতীর্থদের দিয়ে আরও ৫টি গোল করিয়েছিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তাঁর এই অভিজ্ঞতা ও দক্ষতা আগামী মরসুমে মোহনবাগানের মাঝমাঠকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সবুজ-মেরুন জার্সিতে মিগুয়েল (Mohun Bagan)
মোহনবাগানের সঙ্গে চুক্তি পাকা হওয়ার পর ক্লাব মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মিগুয়েল নিজের অনুভূতির কথা খোলাখুলি জানিয়েছেন। তিনি বলেন, “মোহনবাগান সমর্থকরা অনেকটা ব্রাজ়িলের সমর্থকদের মতোই আবেগপ্রবণ, প্রাণবন্ত। কলকাতায় এক বছর খেলার সুবাদে দেখেছি সবুজ-মেরুন সমর্থকদের দলের প্রতি ভালোবাসা। প্রত্যাশা আর আবেগ নিয়ে ওঁরা গ্যালারি ভরিয়ে তোলেন। ম্যাচ জেতা এবং চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কিছু ভাবেন না। চ্যাম্পিয়ন হওয়ার চাপ এটা নিয়ে খেলতেই আমি ভালোবাসি এবং উপভোগও করি। সবুজ-মেরুন জার্সি পরার জন্য আমি মুখিয়ে আছি।”
আরও পড়ুন: CFL Match Fixing: ফের গড়াপেটা কলকাতা লিগে! আইএফএ-র কড়া পদক্ষেপ
পাশাপাশি, মোহনবাগানের (Mohun Bagan) প্রস্তাব পাওয়ার পর পরিবারের সঙ্গে, বিশেষ করে স্ত্রীর সঙ্গে আলোচনা করেই যে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, তাও জানিয়েছেন এই মিডফিল্ডার। মধ্যরাতে খাস কলকাতায় তাঁর পা রাখার পর থেকেই সবুজ-মেরুন শিবিরের প্রস্তুতি যে আরও জোরদার হতে চলেছে, তা বলাই বাহুল্য।



