Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কোচবিহার সফর ঘিরে এমনিতেই রাজনৈতিক মহলে নজর ছিল (Ananta Maharaj)। কিন্তু রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়কে শুধু সম্বর্ধনাই নয়, তাঁকে বুকে জড়িয়ে ধরতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে। আর এই দৃশ্য সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। অতীতের বিতর্ক কি তবে অনেকটাই পিছনে ফেলে সৌজন্য ও ঘনিষ্ঠতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

বৈঠকে অনুপস্থিত, উদ্বোধনী মঞ্চে বিশেষ গুরুত্ব (Ananta Maharaj)
বুধবার কোচবিহারের ল্যান্সডাউন হলে রাজবংশী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না অনন্ত মহারাজ। বৈঠক শেষে রাজবাড়ির সামনে থেকে হাতি, ঘোড়া ও পালকি সহযোগে শোভাযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী। এরপর মদনমোহন মন্দিরে পুজো দিয়ে রাসমেলার মাঠে পৌঁছন তিনি। সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে অনন্ত মহারাজকে জড়িয়ে ধরার দৃশ্য নজর কাড়ে সকলের।
কী বললেন অনন্ত মহারাজ? (Ananta Maharaj)
এই ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত মহারাজ জানান, প্রথমে মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি যে তিনি মঞ্চে উপস্থিত রয়েছেন। তাঁর কথায়, তিনি পিছনের দিকে ছিলেন। পরে মুখ্যমন্ত্রী বিষয়টি জানতে পেরে তাঁকে ডেকে নেন এবং বলেন, ‘সরি মহারাজ, আমি আপনাকে দেখিনি।’ এমনকী তাঁর কাছে ক্ষমাও চান মুখ্যমন্ত্রী। এরপরই তাঁকে কাছে ডেকে সৌজন্য বিনিময় করেন শুভেন্দু।
নেতাজি বিতর্কে কেড়ে নেওয়া হয়েছিল বঙ্গবিভূষণ (Ananta Maharaj)
উল্লেখ্য, অতীতে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজকে নিয়ে অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে তীব্র সমালোচনা হয়েছিল। কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেন। সেই মন্তব্যের জেরে তাঁর বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করা হয়।
পরবর্তীতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ক্ষমা চান অনন্ত মহারাজ। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কাজটি ক্ষমার অযোগ্য হলেও রাজ্যসভার বর্ষীয়ান সদস্যের বয়সের কথা বিবেচনা করে তিনি বিষয়টি মানবিকভাবে দেখছেন। অনন্ত মহারাজ নিজের সমাজমাধ্যমে ক্ষমা চেয়েছেন বলেও উল্লেখ করেছিলেন তিনি।
আরও পড়ুন: Suvendu Adhikari: বাংলার সড়ক যোগাযোগে এবার আসতে চলেছে আমূল পরিবর্তন
সৌজন্যের আড়ালে কি অন্য কোনও রাজনৈতিক সমীকরণ?
রাসমেলার মঞ্চে মুখ্যমন্ত্রীর এই আচরণ নিছক সৌজন্য, নাকি রাজবংশী সমাজের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা, তা নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে। বিশেষত উত্তরবঙ্গের রাজনীতিতে রাজবংশী সম্প্রদায়ের গুরুত্ব যথেষ্ট। ফলে অনন্ত মহারাজকে প্রকাশ্যে আলিঙ্গন করার ঘটনাকে রাজনৈতিক মহলের একাংশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। তবে এই সৌজন্য বিনিময়ের পিছনে কোনও নতুন রাজনৈতিক সমীকরণ রয়েছে কি না, তার উত্তর দেবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি।



