Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ত্রয়ণ চক্রবর্তী: রাজ্যের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মহিলা ও তরুণীদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়লেও দলের সাংগঠনিক কাঠামোয় তার যথেষ্ট প্রতিফলন ঘটছে না (CPM)। সিপিএমের অভ্যন্তরীণ সাংগঠনিক পর্যালোচনায় এমনই চিত্র উঠে এসেছে। পার্টির চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যে দলের সদস্যসংখ্যা বৃদ্ধির বদলে সামান্য হলেও কমেছে। ফলে সংগঠনকে নতুন করে শক্তিশালী করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।
৬০ শতাংশের বেশি শাখা কর্মীশূন্য (CPM)
পর্যালোচনায় আরও উঠে এসেছে, দলের ৬০ শতাংশের বেশি শাখা এজি বা সহায়ক গ্রুপের কর্মীশূন্য। অর্থাৎ নিচুতলার সংগঠনকে সক্রিয় রাখার ক্ষেত্রে সমস্যা রয়েছে। শুধু সদস্যসংখ্যা নয়, নিয়মিত সাংগঠনিক কার্যকলাপ এবং নতুন কর্মী তৈরির ক্ষেত্রেও ঘাটতির ইঙ্গিত মিলেছে।
মহিলা সদস্য বাড়ানোয় বিশেষ জোর (CPM)
মহিলা সদস্য সংগ্রহ এখনও দলের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে। এমন বহু শাখা রয়েছে, যেখানে কোনও মহিলা সদস্যই নেই। শাখা থেকে জেলা কমিটি পর্যন্ত বিভিন্ন স্তরে মহিলা নেতৃত্বের অংশগ্রহণও প্রত্যাশিত মাত্রায় নেই। ফলে ২০২৬ সালে সাংগঠনিক পুনর্গঠনের সময় মহিলা প্রতিনিধিত্ব বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
তরুণী নেতৃত্ব তৈরিতেও ঘাটতি (CPM)
সম্প্রতি মহিলা সংগঠনের রাজ্য নেতৃত্বে তুলনামূলক কম বয়সিদের জায়গা করে দেওয়ার উদ্যোগ দেখা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার নেত্রী মোনালিসা সিনহাকে মহিলা সংগঠনের রাজ্য সম্পাদক করা হয়েছে। তবে জেলা ও স্থানীয় স্তরে তরুণী নেতৃত্বকে সামনে আনার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে বলে দলের অভ্যন্তরে আলোচনা রয়েছে।
তফসিলি ও সংখ্যালঘুদের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন
সাংগঠনিক পুনর্গঠনে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। যে সব এলাকায় এই সম্প্রদায়ের মানুষের উপস্থিতি বেশি, সেখানে পরিকল্পিতভাবে সদস্য সংগ্রহ এবং তাঁদের সাংগঠনিক কাজে যুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Delhi Temperature Drop: বৃষ্টি-মেঘে কমল পারদ, দিল্লিতে ২১°! শীত কী এবার আগেই?
শুধু সংখ্যা নয়, সামাজিক বৈচিত্র্যও গুরুত্বপূর্ণ
সিপিএমের এই পর্যালোচনার মূল বার্তা হল—সংগঠন শক্তিশালী করতে শুধু সদস্যসংখ্যা বাড়ালেই হবে না। মহিলা, তরুণ, তফসিলি জাতি-উপজাতি এবং সংখ্যালঘুদের আরও বেশি করে সংগঠনের বিভিন্ন স্তরে যুক্ত করতে হবে। একইসঙ্গে ক্যাডার নীতি, সদস্য সংগ্রহ এবং নিচুতলার শাখাগুলিকে সক্রিয় করার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।



