Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ফলতার উপনির্বাচনের মাঝেই আজ, বৃহস্পতিবার ১০ দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে (ED Raid)। গত ১১ মে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় নিম্ন আদালত তাকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছিল। আজ সেই মেয়াদ শেষ হতেই ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালতে পেশ করা হচ্ছে তৃণমূলের এই প্রভাবশালী নেতাকে।

তদন্তকারী অফিসারদের সূত্রে খবর (ED Raid)
গত ১০ দিনে সুজিত বসুকে (Sujit Bose) জেরার টেবিলে বসিয়ে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পুরসভার নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে প্রভাব খাটানো হয়েছিল, ওএমআর শিট কারসাজির পেছনে কার হাত ছিল, এবং কোটি কোটি টাকার দুর্নীতির লভ্যাংশ ঠিক কার কার পকেটে গিয়েছে এই সমস্ত বিস্ফোরক তথ্যের একটি নিটোল খতিয়ান তৈরি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। *আজ আদালতে সেই সমস্ত গোপন ও অকাট্য তথ্য-প্রমাণ একটি বিশেষ ‘কেস ডায়েরি’-র মাধ্যমে বিচারকের সামনে তুলে ধরতে চলেছেন ইডি আধিকারিকরা।
তদন্তের গতিপ্রকৃতি (ED Raid)
ইডি সূত্রের খবর, জেরা পর্ব এখনও অসম্পূর্ণ। সুজিত বসুর থেকে আরও তথ্য আদায় করতে এবং প্রভাবশালী তত্ত্বকে হাতিয়ার করে আজ আবারও *তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য জোরালো সওয়াল করতে পারেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী, ধীরাজ ত্রিবেদী। তবে দুর্নীতির এই জাল যে শুধু সুজিত বসুতেই থমকে নেই, তার প্রমাণ মিলল ইডির পরবর্তী পদক্ষেপে। এই একই মামলায় ফের তলব করা হয়েছে আরেক হেভিওয়েট তথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে।

আরও পড়ুন: Park Circus Incident: পার্ক সার্কাসে পুনর্নির্মাণ, গ্রেফতার মূল অভিযুক্ত :মোট ধৃত বেড়ে ৫০
হাজির হওয়ার কড়া নির্দেশ
আগামী সোমবারই তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার জন্য কড়া নির্দেশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রথীন ঘোষকে এর আগেও জেরা করা হয়েছিল, তবে সুজিত বসুকে হেফাজতে পাওয়ার পর নতুন কী তথ্য মিলল, যার জন্য রথীন বাবুকে তড়িঘড়ি আবার ডাকা হলো, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এখন দেখার, ইডির জমা দেওয়া ‘কেস ডায়েরি’ দেখার পর আদালত সুজিত বসুকে আবার ইডি হেফাজতে পাঠায়, নাকি তার ঠিকানা হয় জেল হেফাজত!



