Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর (Fire Case) জেলার পিংলা থানার অন্তর্গত জামনা ২ নম্বর অঞ্চলের জামনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ৩০ বছরেরও বেশি পুরনো ক্লাব। স্থানীয় ও ক্লাব সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাত আনুমানিক ৩টে নাগাদ হঠাৎ ক্লাবঘর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়।
ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা (Fire Case)
আগুনের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে (Fire Case) ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। দীর্ঘক্ষণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর দেওয়া হয় দমকল বিভাগে। পরে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামে। দমকল কর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।
পুড়ে ছাই সবকিছু (Fire Case)
ক্লাব সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্লাবটি বন্ধ অবস্থায় রয়েছে। ক্লাবঘরটি জামনা বাজারস্থিত হবার কারনে একাধিক দোকানঘর ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে একাধিক ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, টিভি-সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী ও ক্লাবের আসবাবপত্র মজুত ছিল। আগুনে সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্লাব কর্তৃপক্ষের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।
কিভাবে লাগল আগুন?
এদিকে, আগুন লাগার কারণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্লাব কর্তৃপক্ষের দাবি, গত তিন দিন ধরে ক্লাবের বৈদ্যুতিক সংযোগ কার্যত বন্ধ ছিল। পাশাপাশি, অতিরিক্ত বৃষ্টি ও ঝড়ের কারণে ক্লাবের বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ফলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তাঁরা।
আরও পড়ুন: Zarda Pulao: ঝরঝরে সুগন্ধি জর্দা পোলাও, মুখে লেগে থাকবে স্বাদ!
ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হল, তা খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকা একটি ক্লাবে আচমকা এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।


