Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ঘোষণা হয়ে গেল ভারতীয় দল। প্রধান নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বে টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিলে জাতীয় নির্বাচক কমিটি। ১৭তম এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্ব সূর্য কুমার যাদবের হাতেই থাকবে, নাকি টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলকে অধিনায়ক করা হবে, সেই দিকেই নজর ছিল সকলের। এশিয়া কাপের দলে শুভমন সুযোগ পাবেন কিনা, সেই দিকেও নজর ছিল। কিন্তু নির্বাচকরা অধিনায়কত্বে কোনও পরিবর্তন আনেননি। সূর্যকেই অধিনায়ক রেখে দেওয়া হল। তবে এশিয়া কাপের জন্য শুভমন গিলকে সহ-অধিনায়ক করা হয়েছে।
মুম্বইতে ব্যাপক বৃষ্টির কারণে নির্বাচকদের পৌঁছতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় দল নির্বাচনী সভা। এশিয়া কাপের (Asia Cup 2025) দল নির্বাচনে সকলেরই নজর ছিল গিলের দিকে। তাঁকে রেখেই ১৫ জনের দল বেছে নিলেন নির্বাচকরা। ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলে আসছেন সূর্য কুমার যাদবই। এবং তাঁর ডেপুটি হিসেবে কাজ করেছেন গিল। কিন্তু গর্ত দু’টো সিরিজে গিল ভারতীয় দলে ছিলেন না। তাঁর জায়গায় সহ-অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন অক্ষর প্যাটেল। শুভমন দলে ফেরায় তাঁকে স্বাভাবিকভাবেই তাঁর পুরনো দায়িত্বে বহাল রাখা হল।
বাদ যশস্বী-শ্রেয়স
এশিয়া কাপে ভারতের ১৫ জনের দলে জায়গা হয়নি সদ্য সমস্ত ইংল্যান্ড সফরে ভালো ব্যাটিং করা ওপেনার যশস্বী জয়সওয়ালের। তাঁকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। আইপিএলে দুরন্ত ব্যাটিং করেও এশিয়া কাপের (Asia Cup 2025) দলে ঠাঁই পেলেন না অভিজ্ঞ ব্যাটার শ্রেয়স আইয়ারও। বাদ পড়েছেন রিয়ান পরাগও। তিনিও রয়েছেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। তবে এশিয়া কাপের দলে জায়গা করে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান রিঙ্কু সিং। তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে একটা আশঙ্কা ছিল। কিন্তু নির্বাচকরা তাঁর ওপর আরও একবার ভরসা রাখলেন। এছাড়াও রয়েছেন বিধ্বংসী তরুণ ব্যাটার অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। এশিয়া কাপের দলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জায়গা করে নিয়েছেন জিতেশ শর্মাও।
দলে তিন অলরাউন্ডার (Asia Cup 2025)
এশিয়া কাপের (Asia Cup 2025) ভারতীয় দলে অলরাউন্ডার রয়েছেন তিনজন। পেস-অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে। স্পিনিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন অক্ষর প্যাটেল। ১৫ জনের দলে রয়েছেন তিন বিশেষজ্ঞ পেসার। তাঁরা হলেন জসপ্রিত বুমরা, আর্শদীপ সিং এবং কেকেআর-এর হর্ষিত রানা। বিশেষজ্ঞ দুই স্পিনার হলেন বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব।
আরও পড়ুন:Neymar: দলে ফেরার স্বপ্নে ধাক্কা, ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়লেন তারকা ফুটবলার
স্ট্যান্ডবাই পাঁচ ক্রিকেটার (Asia Cup 2025)
এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য পাঁচ জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তাঁরা হলেন যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ প্রসিদ্ধ কৃষ্ণ এবং ওয়াশিংটন সুন্দর। ১৫ জনের দল থেকে চোটের কারণে যদি কোনও ক্রিকেটার ছিটকে যান, তাহলে এই স্ট্যান্ডবাই ক্রিকেটাররা সুযোগ পাবেন এশিয়া কাপের দলে।
বিশ্বকাপের প্রস্তুতি (Asia Cup 2025)
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। ভারত অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আগামী বছর আবারও রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। খেতাব ধরে রাখতে মরিয়া ভারত। তাই এই এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি যে ভারত শুরু করে দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই এটা ধরে নেওয়াই যায় যে, এশিয়া কাপের এই ভারতীয় দলই কম-বেশি ধরে রাখা হবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। তাই আসন্ন এশিয়া কাপ ভারতীয় দলের কাছে যে খুবই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট, তাতে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন:Asia Cup 2025: বিশেষ কারণে পিছিয়ে গেল দল ঘোষণা, কারণ হিসেবে কী জানানো হলো বোর্ডের তরফে
একনজরে ভারতীয় দল
এশিয়া কাপে ১৫ সদস্যের ভারতীয় দল: সূর্য কুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরা, আর্শদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।


