Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের হাই-প্রোফাইল ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব তৈরি হয়েছে। এর মাঝেই দেশের ফুটবলপ্রেমীদের জন্য আরও এক দুর্দান্ত সুখবর সামনে এসেছে। ব্রাজিলের পাশাপাশি পুজোর আগেই আরও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে ভারত। সংবাদসংস্থা পিটিআই মারফত জানা যাচ্ছে, সদ্য সমাপ্ত বিশ্বকাপে নজরকাড়া দল কেপ ভার্দের (India vs Cape Verde) বিরুদ্ধে ম্যাচ আয়োজনের বিষয়ে অনেকটাই এগিয়ে গেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
সময় ও দিনক্ষণ (India vs Cape Verde)
ফেডারেশন সূত্রের খবর অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে এই ম্যাচটি আয়োজিত হতে পারে। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের আগে কিংবা পরে যেকোনও সময়ে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার জোরাল সম্ভাবনা রয়েছে। কেপ ভার্দের বিরুদ্ধে খেলার বিষয়ে আলোচনা ইতিমধ্যেই প্রাথমিক পর্যায় পেরিয়ে বেশ ইতিবাচক দিকে এগোচ্ছে। ফেডারেশনের এক কর্তা জানিয়েছেন যে, দুপক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলেই ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
প্রতিপক্ষ কেপ ভার্দে (India vs Cape Verde)
মাত্র সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে এবারের বিশ্বকাপে নিজেদের লড়াকু ফুটবল দিয়ে গোটা বিশ্বের মন জয় করে নিয়েছে। রাউন্ড অফ ৩২ পর্যন্ত পৌঁছানো এই দলটি গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দেওয়ার পাশাপাশি লিওনেল মেসির আর্জেন্টিনাকেও প্রবল চাপে ফেলে দিয়েছিল। বিশ্ব ফুটবলের মানচিত্রে চমক জাগানো সেই ভোজিনহা ও কাব্রালকদের বিরুদ্ধে ভারতীয় দলের লড়াই দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন চরমে।
আরও পড়ুন: Durand Cup: এমার্জিং ফুটবলারদের পাশে ডুরান্ড কর্তৃপক্ষ, থাকছে আর্থিক পুরস্কার
ব্রাজিল ম্যাচ নিয়ে জোরকদমে প্রস্তুতি (India vs Cape Verde)
এদিকে, ৩ অক্টোবরের ব্রাজিল ম্যাচ সফলভাবে আয়োজন করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার এবং আইএফএ (India vs Cape Verde)। সম্প্রতি রাজ্যের ক্রীড়াামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং আইএফএ সচিব অনির্বাণ দত্তের উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিকাঠামো খতিয়ে দেখতে এবং ভিনিসিয়াস জুনিয়রদের অনুশীলন মাঠ ও হোটেল পরিদর্শন করতে চলতি সপ্তাহেই কলকাতায় এসে পৌঁছানোর কথা রয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের বিশেষ প্রতিনিধি দলের। সবমিলিয়ে, দুর্গাপূজার ঠিক আগে কলকাতার ফুটবলপ্রেমীরা পেতে চলেছেন আন্তর্জাতিক ফুটবলের এক ঐতিহাসিক ডাবল ধামাকা।



