Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইএসএল (ISL 2026) নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। সেপ্টেম্বর মাসের পরিবর্তে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ১৩ দলের এই নতুন আইএসএল। তবে সম্প্রচারকারী সংস্থা এবং আর্থিক চুক্তি নিয়ে মতবিরোধের জেরে টেলিভিশন চ্যানেলকে এড়িয়ে এবার ইউটিউব থেকেই ম্যাচ সরাসরি সম্প্রচার করার প্রস্তুতি নিচ্ছে ক্লাবগুলি।
আর্থিক চুক্তির বনিবনা না হওয়া (ISL 2026)
সম্প্রচারের জন্য ‘বিড’ প্রক্রিয়ায় একমাত্র ফ্যানকোড ছাড়া অন্য কোনও বড় সংস্থার তেমন আগ্রহ দেখা যায়নি। এমনকি ফ্যানকোডও কোনও আর্থিক চুক্তি করতে রাজি নয়, তারা কেবল প্রোডাকশন পার্ট সামলাতে চায়। অন্যদিকে, কিছু টিভি চ্যানেলের তরফ থেকে ১০ থেকে ১৫ কোটি টাকার প্রস্তাব মিললেও, অন্তত ২০ থেকে ২৫ কোটি টাকার কাঙ্ক্ষিত চুক্তি না পাওয়ায় এই স্বল্প অর্থে টিভি চ্যানেলকে সম্প্রচার স্বত্ব দিতে নারাজ ক্লাবগুলি।
সঠিক ভিউয়ারশিপ ডেটা সংগ্রহ (ISL 2026)
ডিসেম্বরের মধ্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়ে নতুন কমিটি না আসা পর্যন্ত দেশের এক নম্বর লিগ পেশাদার পথে পরিচালিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। গত মরশুমের মতো এবারও অনিশ্চয়তার মধ্য দিয়েই লিগ পরিচালিত হবে। তাই সঠিক ভিউয়ারশিপের ডেটা সংগ্রহ করে পরের মরশুমের জন্য নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে ক্লাবগুলি।
আরও পড়ুন: Mohun Bagan Durand: টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ডুরান্ড ফাইনালে মোহনবাগান, প্রতিপক্ষ ইস্টবেঙ্গল
নিজস্ব ইউটিউব চ্যানেল (ISL 2026)
ফেডারেশনের ইউটিউব চ্যানেল নয়, বরং আইএসএলের (ISL 2026) নিজস্ব একটি আলাদা ইউটিউব চ্যানেল খোলা হবে যেখান থেকে সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। ম্যাচ সম্প্রচারের পাশাপাশি ইউটিউব থেকে প্রাপ্ত আয়ের অর্থ ক্লাবগুলির মধ্যে বন্টিত হবে। এছাড়াও অনুশীলনের আপডেট, কোচ ও ফুটবলারদের সাক্ষাৎকার নিয়মিত আপলোড করে ক্লাবগুলির নিজস্ব প্রচার এবং আর্থিক লাভ দুটোই নিশ্চিত করা হবে।



