Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সালটা ১৯৯৯। ইম্ফলে জাতীয় স্তরে সেপাক টাকরোয় রুপো পেয়েছিলেন বাংলার ঝুমা বসু (Jhuma Basu)। তার তিন বছর পর হায়দরাবাদে ফের একটি ব্রোঞ্জ ওঠে তাঁর গলায়। দীর্ঘ ২৭ বছর পর অবশেষে সেই সাফল্যের স্বীকৃতি মিলল। সম্প্রতি জাতীয় গেমসে বাংলার হয়ে পদকজয়ী ৭৮ জন ক্রীড়াবিদকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রকাশিত বিজ্ঞপ্তিতে নাম রয়েছে খড়দহের বাসিন্দা ঝুমার। দুই দশক ধরে সরকারি সম্মান বা চাকরির আশা ছেড়ে দেওয়া ঝুমার কাছে এই খবরটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত ও ভাষাতীত আবেগের।
সেপাক টাকরোর সঙ্গেই সংযোগ (Jhuma Basu)
খেলোয়াড়ি জীবনে ইতি টানলেও সেপাক টাকরো থেকে দূরে সরে যাননি ঝুমা বসু। আন্তর্জাতিক রেফারি হওয়ার পাশাপাশি নিজের বাড়ির কাছে একটি কোচিং ক্যাম্প চালান তিনি। সেখান থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রাও জাতীয় স্তরে নিয়মিত সাফল্য পাচ্ছেন। এমনকি ঝুমার কোচিংয়ে খেলা এক শিষ্যের ইতিমধ্যে সরকারি চাকরি হলেও, তাঁর নিজের ক্ষেত্রে অপেক্ষা করতে হয়েছে প্রায় তিন দশক। বর্তমান সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ঝুমা মনে করেন, এই পদক্ষেপ আগামী দিনে আরও বেশি তরুণ খেলোয়াড়কে উৎসাহিত করবে।
স্বস্তিতে ফুটবলার অমিত চক্রবর্তী (Jhuma Basu)
ঝুমার মতোই সরকারের এই ঘোষণা এক বিরাট স্বস্তি এনে দিয়েছে ফুটবলার অমিত চক্রবর্তীর জীবনে। ২০২২ জাতীয় গেমসে সোনাজয়ী দলের এই সদস্যের বয়স বর্তমানে ৩৬ বছর। কেরিয়ারের শুরুতে ইস্টবেঙ্গলের মতো ক্লাবে খেললেও পরবর্তী সময়ে কাস্টমস ও ইউনাইটেড স্পোর্টসের মতো দলেই বেশি দেখা গিয়েছে তাঁকে। কেরিয়ারের সায়াহ্নে এসে ভবিষৎ নিয়ে চিন্তায় থাকা অমিত সরকারি বিজ্ঞপ্তিতে নিজের নাম দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: Mohun Bagan ISL: আইএসএলের প্রস্তুতি শুরু মোহনবাগানের, কেমন আছেন দ্রাজিচ?
ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি (Jhuma Basu)
শুধু জাতীয় গেমস নয়, বিভিন্ন খেলার জাতীয় চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত বা দলগত ইভেন্টে প্রথম তিনে শেষ করা কৃতি ক্রীড়াবিদদের নামও রয়েছে রাজ্য সরকারের প্রকাশিত এই তালিকায় (Jhuma Basu)। স্পোর্টস কোটায় চাকরির এই নির্দেশিকা প্রসঙ্গে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ স্পষ্ট জানিয়েছেন যে, খেলোয়াড়দের চাকরির দায়িত্ব রাজ্য সরকার নিজের কাঁধে তুলে নিচ্ছে, যাতে তাঁরা সম্পূর্ণ খোলা মনে নিজেদের সেরাটা উজাড় করে খেলতে পারেন।



