Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার : কয়েকদিন আগেই পেরিয়েছে গণেশপুজো। আর বাঙালির ঘরে ঘরে এখন অপেক্ষা দেবীপক্ষের (Jungle Mahal)। এবছর মা আসছেন গজে, অর্থাৎ হাতির পিঠে। উৎসবের সেই আবহেই জঙ্গলমহলের ধানজমিতে নেমে এল বিষাদের ছায়া। রবিবার সকালে প্রতিদিনের মতো ধানজমিতে কাজ করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা দেখতে পান তিনটি হাতির নিথর দেহ। যার মধ্যে ছিল দুটি শাবক এবং একটি পূর্ণবয়স্ক হাতি। ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুরের পিরাকাটা রেঞ্জের ব্রোঞ্জ বিটের হাড়তড়া এলাকায়। কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটলো, তা এখনও স্পষ্ট নয়।
নিহত তিন হাতি উদ্ধার (Jungle Mahal)
রবিবার সকালে কিছু স্থানীয় বাসিন্দারা দেখতে পান ধান জমিতে তিনটি হাতি কাদামাখা অবস্থায় শুয়ে রয়েছে। প্রথম দেখায় তারা বুঝতে পারেননি হাতিগুলির ওই অবস্থায় শুয়ে থাকার কারণ। কিছু সময় পর তারা আশেপাশের লোকজনদের খবর দিয়ে ডেকে আনেন। কিছু মানুষ হাতিগুলির কাছে গিয়ে নিশ্চিত করে তারা মারা গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে উপচে পরে লোকজনের ভিড়। খবর দেওয়া হয় বনদপ্তরে। কিছুক্ষনের মধ্যেই বনদপ্তরের লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন।
হাতিদের মৃত্যুর কারণ (Jungle Mahal)
হাতিগুলির মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানা না গেলেও প্রাথমিক ভাবে স্থানীয়দের একাংশ আশঙ্কা করছেন বিদ্যুৎস্পৃষ্ঠ হয়েই মৃত্যু হয়েছে হাতিগুলির। কারণ, যে জমি থেকে হাতিগুলির মৃত দেহ উদ্ধার হয়েছে, তার উপর দিয়েই বিদ্যুতের তার ঝুলতে দেখা গিয়েছে।
কী বলছে বনদপ্তর? (Jungle Mahal)
বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে, চাষের কাজে পাম্প চালানোর জন্য ওই ধানজমির উপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া হয়েছিল। সেই তারে বিদ্যুৎ সংযোগ ছিল কি না এবং কোনওভাবে হাতিগুলির সংস্পর্শে এসেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো হাতিগুলির মৃত্যুর কারণ নিশ্চিত করেনি বনদপ্তর।
আবেগপ্রবণ স্থানীয়রা (Jungle Mahal)
একসঙ্গে তিনটি হাতির মৃত্যুতে স্বাভাবিকভাবেই মন খারাপ স্থানীয়দের। বিশেষ করে দেখা যাচ্ছে, পূর্ণবয়স্ক মা হাতিটির দেহের নীচে পড়ে রয়েছে দুই শাবক। দৃশ্যটি দেখে মনে হচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত নিজের শাবক দুটিকে আগলে রাখার চেষ্টা করেছিল মা হাতিটি। সেই দৃশ্যই এখন আবেগপ্রবণ করে তুলেছে স্থানীয় বাসিন্দাদের। মাঠে নিথর পড়ে থাকা মা ও দুই শাবকের এই ছবি যেন মুহূর্তেই ভারী করে দিয়েছে গোটা এলাকার পরিবেশ।
ময়নাতদন্তের পরই জানা যাবে আসল ঘটনা
জঙ্গল মহলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা অবশ্য নতুন কিছু নয়। কিন্তু এই ঘটনায় বিদ্যুতের তারের কোনও ভূমিকা রয়েছে কিনা সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। পিড়াকাটা রেঞ্জের এক বনকর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ইতিমধ্যেই তিনটি মৃত হাতি উদ্ধারের কাজ শুরু হয়েছে।



