Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আর মাত্র একদিন। শেষ মুহূর্তের ব্যস্ততায় তুঙ্গে প্রস্তুতি (Kolkata Book Fair 2026)। ২২ জানুয়ারি বিকেল ৪টেয় শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ঐতিহ্যবাহী বইমেলা, যা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের বইপ্রেমীদের কাছে এক আবেগের নাম।

আন্তর্জাতিক অংশগ্রহণে বহুত্বের ছাপ (Kolkata Book Fair 2026)
এবছর কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে ২০টি দেশ। আন্তর্জাতিকতার নিরিখে এবারও বইমেলা নিজের স্বকীয়তা বজায় রেখেছে। এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা লাতিন আমেরিকার সাহিত্য, সংস্কৃতি ও স্থাপত্যের স্বাদ মিলবে মেলার নানা প্রান্তে। আর্জেন্টিনার সাহিত্যিক ঐতিহ্য, পাবলো নেরুদা-পরবর্তী সাহিত্যধারা, ট্যাঙ্গোর দেশ সব মিলিয়ে এক ভিন্ন স্বাদ আনছে থিম কান্ট্রি।
১৫ বছর পর প্রত্যাবর্তন (Kolkata Book Fair 2026)
এবছরের বইমেলার অন্যতম বড় চমক হল চীনের অংশগ্রহণ। দীর্ঘ ১৫ বছর পর, অর্থাৎ ২০১১ সালের পরে ২০২৬-এ আবার কলকাতা বইমেলায় ফিরছে চিন। আন্তর্জাতিক রাজনীতির বর্তমান টানাপোড়েনের প্রেক্ষিতে এই অংশগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। চীনের স্টলে থাকছে সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সংক্রান্ত নানা সামগ্রী, যা বইপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
অনুপস্থিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র (Kolkata Book Fair 2026)
যেখানে একদিকে চীনের প্রত্যাবর্তন, অন্যদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি নজর কেড়েছে। বিশেষ করে USA-র কোনও স্টল না থাকা নিয়ে আলোচনা তুঙ্গে। জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক বাজেট কাটের জেরেই এই সিদ্ধান্ত। আগেই ইমেল মারফত জানানো হয়েছিল, সাংস্কৃতিক খাতে বরাদ্দের অভাবে অংশগ্রহণ সম্ভব নয়। ফলে এবারের বইমেলায় যেন স্পষ্টভাবে ফুটে উঠছে বিশ্ব কূটনীতির টানাপোড়েনের প্রতিচ্ছবি।
হাজারের বেশি স্টল (Kolkata Book Fair 2026)
এবারের বইমেলায় অংশগ্রহণকারী স্টলের সংখ্যা হাজারেরও বেশি। মেলার নান্দনিক সাজে থাকছে মোট ৯টি তোরণ। এর মধ্যে দুটি তোরণ তৈরি হয়েছে আর্জেন্টিনার স্থাপত্যশৈলীর আদলে। সাহিত্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়, গণসঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, এই দুই বিশিষ্ট ব্যক্তিত্বের নামে উৎসর্গীকৃত দুটি তোরণ থাকছে। এছাড়াও, সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি তোরণ, কবি রাহুল পুরকায়স্থ-এর নামে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন শিল্পী ময়ুখ চৌধুরীর জন্মশতবর্ষে শিশু মণ্ডপ।
যাতায়াতে যুগান্তকারী সুবিধা (Kolkata Book Fair 2026)
২০২৫ সালে কলকাতা বইমেলায় দর্শনার্থীর সংখ্যা ছিল ২৭ লক্ষ। এবছর সেই সংখ্যা আরও বাড়বে বলেই আশাবাদী প্রকাশক ও গিল্ড কর্তৃপক্ষ। কারণ, এবছর বইমেলার ইতিহাসে প্রথমবার মেট্রো পথে সরাসরি হাওড়া থেকে বইমেলা প্রাঙ্গণে পৌঁছনো যাবে। হাওড়া ছাড়াও, এসপ্ল্যানেড হয়ে সহজে যাতায়াত, মেলার দিনগুলিতে বাড়তি মেট্রো, রাত ১০টা পর্যন্ত পরিষেবা, এমনকি ছুটির দিনেও এই সিদ্ধান্তে বইপ্রেমীদের যাতায়াত আরও সহজ হচ্ছে।
প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক রূপ
এবছর বইমেলা শুধু বইয়ের নয়, প্রযুক্তির মেলাও বটে। মেলা প্রাঙ্গণেই বিশেষ মেট্রো টিকিট বুথ, UPI-এর মাধ্যমে টিকিট কাটার সুবিধা, গুগল লোকেশন ভিত্তিক স্টল খোঁজার অ্যাপ, প্রতিটি গেটে QR কোড, স্ক্যান করলেই ডিজিটাল ম্যাপ, পাশাপাশি থাকছে গ্রাউন্ড ম্যাপ, ডিজিটাল ব্যবস্থাপনায় বইমেলা এবার আরও ব্যবহারবান্ধব।



