Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চিংড়িঘাটায় মেট্রোর বাকি থাকা অংশের (Kolkata Metro Rail) কাজ শুরু নিয়ে আবারও দেখা দিয়েছে জটিলতা। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার থেকে কাজ শুরুর পরিকল্পনা ছিল রেল ভিকাশ নিগম লিমিটেডের (RVNL)। কিন্তু সর্বশেষ পরিস্থিতি দেখে মনে হচ্ছে, নির্ধারিত দিনে সেই কাজ শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। শহরের ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থার উপর একাধিক চাপ তৈরি হওয়ায় কলকাতা ট্রাফিক পুলিশ কাজ পিছিয়ে দেওয়ার পক্ষপাতী।
নিরাপত্তা ব্যবস্থাও জোরদার (Kolkata Metro Rail)
দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণ ঘটনার পর কলকাতার নিরাপত্তা ব্যবস্থাও (Kolkata Metro Rail) জোরদার করা হয়েছে। আগামি রবিবার ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে শহরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই দিনে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ম্যারাথন, যেখানে হাজার হাজার অংশগ্রহণকারীর আগমন ঘটবে। তার ওপর সপ্তাহান্তে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে। ফলে এমন পরিস্থিতিতে চিংড়িঘাটার মতো ব্যস্ত সংযোগস্থলে ট্রাফিক ব্লক দেওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানাচ্ছে ট্রাফিক পুলিশ।
বড় আকারের ব্লক দেওয়া সম্ভব নয় (Kolkata Metro Rail)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজের এলাকায় RVNL-এর পক্ষ থেকে একটি বিকল্প রাস্তা (Kolkata Metro Rail) তৈরি করার কথা ছিল, যাতে ট্রাফিক চলাচল কিছুটা স্বাভাবিক রাখা যায়। কিন্তু সেই রাস্তার শেষ মুহূর্তের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তাই ওই কাজ শেষ না হওয়া পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য বড় আকারের ব্লক দেওয়া সম্ভব নয় বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ব্রিজ সংযোগ বাকি
প্রসঙ্গত, অরেঞ্জ লাইনের চিংড়িঘাটা অংশে এখনও ৩৬৬ মিটার ব্রিজ সংযোগ বাকি। সেই কাজ সম্পূর্ণ না হলে মেট্রোর এই গুরুত্বপূর্ণ লাইনের উদ্বোধন সম্ভব নয়। দীর্ঘদিন ধরে এই কাজ আটকে থাকায় বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আদালতের নির্দেশে ৯ সেপ্টেম্বর একটি বৈঠকে অংশ নেয় রাজ্য প্রশাসন, RVNL ও কলকাতা ট্রাফিক পুলিশ। সেখানে সিদ্ধান্ত হয় উৎসবের মরশুম শেষ হলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্রবার থেকে রবিবার রাত পর্যন্ত ট্রাফিক ব্লক নিয়ে কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হবে।
আরও পড়ুন: Delhi Blast: মাস্টারমাইন্ডের ডায়েরিতে মিলল জঙ্গি ছকের গোপন কোড, আটক আরও এক চিকিৎসক
কিন্তু বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান মাথায় রেখে ট্রাফিক পুলিশ সেই সময়সূচি কিছুটা পিছিয়ে দিতে চাইছে। ফলে শুক্রবার থেকে কাজ শুরু হওয়ার সম্ভাবনা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এখন নজর মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে-তারা কি রাজ্য প্রশাসনের নতুন সময়সূচি মেনে নেবেন, নাকি পুনরায় আদালতের নির্দেশ চেয়ে যাবেন, তা জানা যাবে আগামী কয়েকদিনে।


