Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা মেট্রোর (Kolkata Metro Rail) যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আগামী রবিবার, ১৩ সেপ্টেম্বর, রক্ষণাবেক্ষণের কাজের কারণে ব্লু লাইনে বেশ কয়েক ঘণ্টা মেট্রো পরিষেবা আংশিকভাবে বন্ধ থাকবে। ফলে দক্ষিণ কলকাতার একাধিক স্টেশনে যাতায়াতকারী যাত্রীদের আগে থেকেই বিকল্প পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কখন বন্ধ মেট্রো পরিষেবা? (Kolkata Metro Rail)
মেট্রো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম (Kolkata Metro Rail) থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যবর্তী অংশে ট্রেন চলাচল করবে না। অর্থাৎ নিউ গড়িয়া থেকে টালিগঞ্জের মধ্যবর্তী মেট্রো পরিষেবা এই সময়ে বন্ধ থাকবে।
মূলত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য গীতাঞ্জলি তথা নাকতলা এবং কবি নজরুল তথা গড়িয়া বাজার স্টেশনের মাঝের অংশে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এই কাজের প্রভাবেই ব্লু লাইনের ওই অংশে পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুরো ব্লু লাইন বন্ধ?
তবে পুরো ব্লু লাইন বন্ধ থাকবে না। এই সময় দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে উত্তর ও মধ্য কলকাতার দিক থেকে টালিগঞ্জ পর্যন্ত যাতায়াত করা যাত্রীদের পরিষেবা পেতে কোনও সমস্যা হওয়ার কথা নয়।
আরও পড়ুন: Market Harassment: সবজি কেনার অছিলায় উত্যক্ত, চুমুর চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে
রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার পর ধীরে ধীরে পুরো ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ প্রায় সাড়ে ন’ঘণ্টা এই পরিষেবা আংশিকভাবে ব্যাহত থাকবে। কাজ চলাকালীন যাত্রীদের অসুবিধার জন্য মেট্রো কর্তৃপক্ষের তরফে দুঃখপ্রকাশও করা হয়েছে।


