Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লাজু এবং অনুভবের সম্পর্ক নতুন মোড় নিয়েছে (Kone Dekha Alo)। ধারাবাহিকের শুরু থেকেই এই জুটির মিল দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। তাঁদের খুনসুটি, অভিমান, টানাপোড়েন এবং পর্দার মিষ্টি রসায়ন ধীরে ধীরে জায়গা করে নিয়েছিল দর্শকদের মনে। ফলে এই দুই চরিত্রের সম্পর্কের পরিণতি নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। সম্প্রতি ধারাবাহিকে লাজু-অনুভবের আশীর্বাদের প্রস্তুতি শুরু হওয়ায় খুশি অনুরাগীরা।
আনন্দের মাঝেই কেন উঠছে শেষের গুঞ্জন? (Kone Dekha Alo)
তবে এই আনন্দের আবহের মধ্যেই সামনে এসেছে এক অস্বস্তিকর খবর। টলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি ‘কনে দেখা আলো’-এর পথচলা শেষ হতে পারে। যদিও নির্মাতাদের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও ধারাবাহিকের সাম্প্রতিক গতিপ্রকৃতি ঘিরে জল্পনা বাড়ছে। টেলিভিশনের পরিচিত নিয়ম—নায়ক-নায়িকার বহু প্রতীক্ষিত মিল অনেক সময় গল্পের শেষের ইঙ্গিত দেয়। তাই লাজু-অনুভবের মিলের পরই কি সত্যিই পর্দা নামতে চলেছে, সেই প্রশ্নই এখন দর্শকদের মনে।
নতুন চরিত্রের প্রবেশেও কি বদলাল না সমীকরণ? (Kone Dekha Alo)
এর আগে নন্দিনী দত্ত ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর তাঁর জায়গায় বনলতা চরিত্রে নতুন মুখ হিসেবে সৌমিলির প্রবেশ হয়েছিল। তখন অনেকেই ভেবেছিলেন, গল্পে হয়তো নতুন কোনও মোড় আসতে চলেছে। নতুন চরিত্রকে ঘিরে তৈরি হয়েছিল নানা সম্ভাবনাও। কিন্তু সেই প্রত্যাশার মধ্যেই ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন দর্শকদের কিছুটা হতাশ করেছে।

আরও পড়ুন: Nabanna: মানা হচ্ছে না অগ্নি সুরক্ষা বিধি, কলকাতার ৯১৯ হোটেল-গেস্ট হাউস বন্ধের নির্দেশ নবান্নের
সাইনার পোস্টে কি মিলছে ইঙ্গিত?
জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়ের সমাজমাধ্যমের সাম্প্রতিক পোস্ট। শুরুর দিকের শুটিংয়ের নানা বিটিএস, ছবি এবং পুরনো মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি। পোস্টগুলিতে যেন ফিরে আসছে ধারাবাহিকের ফেলে আসা স্মৃতি। তাই প্রশ্ন উঠছে, তবে কি সত্যিই বিদায়ের প্রস্তুতি শুরু? সবে যখন লাজু-অনুভবের বহু প্রতীক্ষিত মিল হয়েছে, তখনই যদি গল্পের সমাপ্তি ঘটে, তা নিঃসন্দেহে দর্শকদের জন্য আবেগঘন মুহূর্ত হবে। সবচেয়ে বড় প্রশ্ন—এই মিষ্টি জুটির খুনসুটি আর কতদিন পর্দায় উপভোগ করতে পারবেন দর্শকরা?



