Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ পেরোলেও কেন নির্বাচন স্থগিত রাখা হচ্ছে? তা নিয়ে আইনি পদক্ষেপ নিলেন মিনার্ভা অ্যাকাডেমির কর্তা রঞ্জিত বাজাজ (Ranjit Bajaj)। তড়িঘড়ি নির্বাচনের স্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়ে তিনি দিল্লি হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন। তাঁর বক্তব্য, যেখানে নতুন জাতীয় ক্রীড়া আইন অনুযায়ী ফেডারেশনের সংবিধান তৈরির কাজ আগেই সম্পন্ন হয়েছে, সেখানে নির্বাচন করাতে আর কোনও আইনগত বা প্রশাসনিক বাধা থাকা উচিত নয়।
আর্থিক সিদ্ধান্ত গ্রহণে নিষেধাজ্ঞার আর্জি (Ranjit Bajaj)
আদালতের কাছে বাজাজের এই পিটিশনের মূল উদ্দেশ্য শুধু নির্বাচনের তারিখ জানাই নয়, বরং মেয়াদ শেষ হওয়া কমিটির ওপর নতুন করে কোনো আর্থিক দায়বদ্ধতা তৈরি না করার নিষেধাজ্ঞা জারি করা। গত ২ সেপ্টেম্বর সভাপতি কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বাজাজের দাবি, এই অন্তর্বর্তী সময়ে কল্যাণ চৌবের কমিটি যাতে নতুন কোনো আর্থিক চুক্তিতে স্বাক্ষর না করতে পারে বা ফেডারেশনের অর্থ ব্যয় করতে না পারে, আদালতকে তা নিশ্চিত করতে হবে।
আসন্ন মেগা ফ্রেন্ডলি ম্যাচ (Ranjit Bajaj)
ফেডারেশনের অর্থভাণ্ডার সুরক্ষা সংক্রান্ত এই পদক্ষেপের পেছনে রয়েছে ভারত বনাম ব্রাজিল, উরুগুয়ে ও পানামার মতো মেগা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ফুটবল ম্যাচগুলোর আয়োজন। বেঙ্গালুরুতে পানামা ম্যাচের আয়োজনের ভার সামলাচ্ছেন ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ। তবে কলকাতায় ব্রাজিলের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচের জন্য পর্যাপ্ত স্পনসর না পাওয়া গেলে ফেডারেশনের ফিক্সড ডিপোজিট ভেঙে খরচ চালানোর গুঞ্জন ছড়িয়েছে। রঞ্জিত বাজাজের আশঙ্কা, নির্বাচন পিছিয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত নিয়ে গিয়ে যদি এই ব্যয় করা হয় এবং নির্বাচনে বর্তমান কমিটি হেরে যায়, তবে পরবর্তী নতুন কমিটিকে বিশাল আর্থিক বোঝা বহন করতে হবে।
আইনি জটিলতায় অভ্যন্তরীণ বিবাদ (Ranjit Bajaj)
বাজাজের এই আইনি পদক্ষেপে ফেডারেশনের অন্দরের রাজনৈতিক ও প্রশাসনিক কোন্দল আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে (Ranjit Bajaj)। ক্রীড়া বিশেষজ্ঞদের একাংশের মতে, ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচকে সামনে রেখেও আর নির্বাচন এড়ানো সহজ হবে না। অন্যদিকে, ব্রাজিল বনাম ভারতের এই বহুল প্রতীক্ষিত ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তেই বাড়ানো হয়েছে টিকিটের দাম। টিকিট বিক্রির নতুন তালিকায় দেখা গেছে ভিভিআইপি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা এবং কিছু নির্ধারিত ভিআইপি টিকিটের মূল্যে পৌঁছেছে ১৮,০০০ টাকায়।



