Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় প্যারা স্পোর্টসের অন্যতম সফল নাম প্রমোদ ভগত (Para Asian Games 2026)। প্যারা ব্যাডমিন্টনের মঞ্চে একের পর এক সোনা জিতে যিনি দেশকে গর্বিত করেছেন, নির্বাসন কাটিয়ে কোর্টে ফিরেও ফের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন তিনি। কিন্তু আইচি-নাগোয়ায় প্যারা এশিয়ান গেমসে সোনার পদক জয়ের স্বপ্ন পূরণ হল না তাঁর। এসএল৩ বিভাগের সিঙ্গলসের ফাইনালে স্বদেশি নীতেশ কুমারের কাছে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। যদিও পদক জিতেও নিজের পারফরম্যান্সে খুশি নন ভারতীয় শাটলার। সোনা হাতছাড়া হওয়ার আক্ষেপ স্পষ্ট তাঁর কথায়।
নির্বাসন কাটিয়ে কোর্টে প্রত্যাবর্তন (Para Asian Games 2026)
প্যারা ব্যাডমিন্টনের এসএল৩ বিভাগের সিঙ্গলসে প্রমোদ ভগতের সাফল্যের ইতিহাস দীর্ঘ। টোকিও প্যারালিম্পিকে সোনা জয়ের পাশাপাশি তিনটি বিশ্ব প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এবং জাকার্তা ও হাংঝৌ প্যারা এশিয়ান গেমসেও সাফল্য পেয়েছেন তিনি। কিন্তু ২০২৪ সালের আগস্টে ডোপিংবিরোধী নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁকে নির্বাসিত করে বিশ্ব ডোপবিরোধী সংস্থা ওয়াডা। এক বছরের মধ্যে তিনবার ‘হোয়ারঅ্যাবাউটস’ সংক্রান্ত নিয়ম ভাঙার কারণে এই শাস্তির মুখে পড়েন ভারতীয় শাটলার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেও লাভ হয়নি তাঁর।
নির্বাসনের ফলে আন্তর্জাতিক ব্যাডমিন্টনের মঞ্চ থেকে সাময়িকভাবে সরে যেতে হয়েছিল প্রমোদকে। তবে কোর্টে ফিরে নিজের জাত চেনাতে বেশি সময় নেননি তিনি। চলতি বছরেই বিশ্বচ্যাম্পিয়নের খেতাব পুনরুদ্ধার করেন এই ভারতীয় তারকা। ফলে প্যারা এশিয়ান গেমসে তাঁর কাছ থেকে সোনার প্রত্যাশা ছিল যথেষ্ট।
নীতেশের কাছে হার (Para Asian Games 2026)
আইচি-নাগোয়া প্যারা এশিয়ান গেমসে সোনা জিতে হ্যাটট্রিক করার সুযোগ ছিল প্রমোদের সামনে। কিন্তু ফাইনালে তাঁর সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ান দেশেরই আর এক তারকা নীতেশ কুমার। ১৮-২১, ১৬-২১ গেমে হেরে যান প্রমোদ। ফলে সোনার বদলে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
একসময় এই দুই শাটলারের লড়াইয়ে এগিয়ে ছিলেন প্রমোদই। চার বছর আগে জাপানে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে নীতেশকে হারিয়েছিলেন তিনি। পরের বছর প্যারা এশিয়ান গেমসেও একই ফল হয়েছিল। কিন্তু প্রমোদের নির্বাসনের সময় নিজের দক্ষতা ও ধারাবাহিকতায় সেই শূন্যস্থান পূরণ করেন নীতেশ। প্যারিস প্যারালিম্পিকে সোনা জয়ের পর এবার প্যারা এশিয়ান গেমসের ফাইনালেও প্রমোদকে হারিয়ে দিলেন তিনি।
আক্ষেপ প্রমোদের (Para Asian Games 2026)
ফাইনালে হারের পর নিজের হতাশা গোপন করেননি প্রমোদ। রুপো জিতলেও তাঁর লক্ষ্য যে ছিল সোনা, তা স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় শাটলার। তিনি বলেন, “রুপো পেলাম। সেটা খারাপ ফল, বলছি না। তবে সোনা জিততে পারলে ভালো লাগত। প্যারা এশিয়ান গেমসে টানা তিনটে সোনা হয়ে যেত আমার। সেটা হল না। আমি হতাশ এই ফলে।”
নিজের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে প্রমোদ আরও জানান, ফাইনালে তাঁর খেলা আশানুরূপ হয়নি। কয়েকটি শট ঠিক জায়গায় রাখতে পারেননি। পাশাপাশি গুরুত্বপূর্ণ মুহূর্তে কিছু সিদ্ধান্তও সঠিক ছিল না বলে মনে করছেন তিনি। তাঁর মতে, এই ভুলগুলিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে ভূমিকা নিয়েছে।
আরও পড়ুন: FIFA U-15 World Cup: লাওসকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের
ডাবলসে ব্রোঞ্জ (Para Asian Games 2026)
সিঙ্গলসে রুপো জিতলেও এবারের প্যারা এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছেন না প্রমোদ (Para Asian Games 2026)। মিক্সড ডাবলসের এসএল৩-এসইউ৫ বিভাগে মনীষা রামদাসকে সঙ্গী করে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। তবে আপাতত তাঁর নজর আগামী প্যারালিম্পিকের দিকে।
প্রমোদের কথায়, “পরের গেমসে আর বছর দু’য়েক সময় আছে। দেশে ফিরে প্যারালিম্পিক কমিটির সঙ্গে কথা বলব। ওদের কী পরিকল্পনা রয়েছে জানব। সেই মতো নিজের প্রস্তুতি শুরু করব। লস অ্যাঞ্জেলেসেও সোনা জিততে চাই।”
নির্বাসনের কঠিন সময় পেরিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ফিরে পেয়েছেন প্রমোদ। প্যারা এশিয়ান গেমসে সিঙ্গলসের সোনা অধরা থাকলেও তাঁর সামনে রয়েছে নতুন লক্ষ্য। এবার লস অ্যাঞ্জেলেস প্যারালিম্পিকের মঞ্চে সোনার পদক জিতে ফের ইতিহাস গড়াই তাঁর প্রধান চ্যালেঞ্জ।



