Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও (Puja In Train) ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর বিতর্ক। ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনের একটি কোচের ভিতরে পুরোহিত মন্ত্রোচ্চারণ করে পূজার আচার সম্পন্ন করছেন। দেবদেবীর ছবি, পুজোর সামগ্রী এবং একাধিক অংশগ্রহণকারীকে নিয়ে সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান চলছিল ট্রেনের মধ্যেই। ভিডিওটি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে, যাত্রীবাহী ট্রেনে এ ধরনের আয়োজন আদৌ নিয়মসিদ্ধ কি না।
কী জানিয়েছে কর্তৃপক্ষ? (Puja In Train)
তবে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে ভারতীয় (Puja In Train) রেল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি কোনও সাধারণ যাত্রীবাহী কামরায় ঘটেনি। এটি ছিল একটি ব্যক্তিগতভাবে বুক করা ‘স্যালন কোচ’, যা নির্দিষ্ট নিয়ম মেনে বাণিজ্যিক ভিত্তিতে সংরক্ষণ করা হয়েছিল। নির্ধারিত অগ্রিম অর্থ জমা দিয়ে আইআরসিটিসির মাধ্যমে কোচটি বুক করা হয় এবং পরে নির্দিষ্ট ট্রেনের সঙ্গে সেটি সংযুক্ত করা হয়।
রেলের দাবি, অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করেই কোচটি ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছিল। ফলে সাধারণ যাত্রীদের যাত্রায় কোনও প্রভাব পড়েনি বা অসুবিধা সৃষ্টি হয়নি। এমন ব্যক্তিগত স্যালন কোচে বিশেষ অনুষ্ঠান আয়োজনের সুযোগ বিদ্যমান বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
ভাইরাল হানিমুন কোচ ভিডিও
উল্লেখ্য, কয়েকদিন আগেই একটি ট্রেনের ফার্স্ট এসি কুপেকে ফুল ও বেলুন দিয়ে ‘হানিমুন কোচ’-এর আদলে সাজানোর ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে রেল এবং দায়িত্বে থাকা টিকিট পরীক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর চলন্ত ট্রেনে পূজার ভিডিও প্রকাশ্যে আসায় ফের ট্রেনের ব্যক্তিগত বুকিংয়ের ব্যবহার, নিয়মকানুন এবং নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রেল অবশ্য স্পষ্ট করেছে, অনুমোদিত স্যালন কোচে নিয়ম মেনেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


