Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এক বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টে সই করলেন জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকে (Rahul Bheke)।
শক্তি বাড়ল সবুজ-মেরুনের (Rahul Bheke)
নতুন প্লেয়ার সই করিয়ে আরও শক্তি বাড়াল মোহনবাগান। শতাব্দী প্রাচীন এই ক্লাবে যোগ দিলেন রাহুল শঙ্কর ভেকে। আজকে নয় এই নাম এর আগেও একবার চর্চায় এসেছিল। সালটা ২০২২। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল বাহরিনের। সেই ম্যাচ ২-১ ব্যবধানে হারলেও সেই ম্যাচের চর্চায় ছিলেন রাহুল। প্রথম অর্ধ শেষ হওয়ার আগেই এক গোল হজম করে ভারতীয় দল। তবে দ্বিতীয় অর্ধে গোল শোধ করে সমতা ফেরান রাহুল ভেকে। পরে অবশ্য ভারত আরেকটি গোল হজম করেছিল কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই চালিয়ে নজরে এসেছিলেন রাহুল (Rahul Bheke)।
এর আগেও শোনা গেছিল রাহুলকে নিয়ে দুই ক্লাব তথা মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে দড়ি টানাটানি চলছে। তবে সেই সময় এটা শুধুই ছিল জল্পনায়। এবার সেই জল্পনায় পাকাপাকি ভাবে সিলমোহর পড়ল। মোহনবাগান সুপার জায়ান্টের নতুন মরসুমের রক্ষণ আরও শক্তিশালী হল। ভারতের জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার রাহুল শঙ্কর ভেকে যোগ দিলেন সবুজ মেরুনে। এক বছরের চুক্তিতে। অভিজ্ঞ এবং কলকাতায় আগে খেলে যাওয়া রাহুল মূলত সেন্টার ব্যাক। রাইট ব্যাকেও খেলতে পারেন।

জাতীয় দলের জার্সিতে ৫০ টিরও বেশি ম্যাচ খেলার পাশাপাশি অধিনায়কত্বও করেছেন দেশের। গত কয়েকবছর ইন্ডিয়ান সুপার লিগে চুটিয়ে খেলছেন রাহুল। সেট পিসে অনেক গোলও আছে তাঁর। অভিজ্ঞতার জন্য তিনি যে কোনও দলের কাছেই সম্পদ। কলকাতায় আগে ডার্বি খেলে যাওয়ার সুবাদে সবুজ মেরুন সমর্থকদের আবেগ, পরিবেশ ও দলের ঐতিহ্য ও পরম্পরা সম্পর্কে ধারণা আছে রাহুলের। চুক্তিতে সই করার পর এমবি এসজি মিডিয়াকে রাহুল ভেকে যা বললেন………
“যে কোনও ভারতীয় ফুটবলারের কাছেই মোহনবাগানে খেলার স্বপ্ন থাকে। দেশের সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং রোমাঞ্চিত। এখানে আমার ভারতীয় দলের সতীর্থরা অনেকেই খেলে। তাই মানিয়ে নিতে কোনও অসুবিধা হবে না। অভিজ্ঞতা ও নিজের দক্ষতা দিয়ে দলকে সাহায্য করতে আমি তৈরি। কোচ আমাকে সুযোগ দিলে নিজের সেরাটা দেব (Rahul Bheke)।“
“কেরল, মুম্বই, বেঙ্গালুরুর মতো দলের জার্সিতে নিয়মিত ইন্ডিয়ান সুপার লিগ-সহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছি। বিপক্ষে দলে খেলার সুবাদে জানি মোহনবাগান কতটা শক্তিশালী দল নিয়ে নামে। এবারও দেশের সেরা দল হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ভারতের জার্সিতে ও বিভিন্ন ক্লাবের হয়ে প্রচুর ম্যাচ খেলেছি। ট্রফি জিতেছি। এবার আমার লক্ষ্য সবুজ মেরুন জার্সিতে ডার্বি জেতা এবং চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেওয়া। শুধু আই এস এল নয়, মোহনবাগান ম্যানেজমেন্টের যা দর্শন তাতে সব ট্রফি জেতার জন্যই তারা দল তৈরি করে। যা আমার ভাবনার সঙ্গে মেলে।“
“কলকাতা আমার কাছে নতুন খেলার জায়গা নয়। আমি ইস্টবেঙ্গলে খেলেছি। সবারই নিশ্চয়ই মনে আছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আমি মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে গোল করেছিলাম এবং জিতেওছিলাম। এবার সেটা উল্টে দেবার সুযোগ এসেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে জেতার ও গোল করার ইচ্ছে আছে। কলকাতায় ফের খেলতে আসার চুক্তিতে সই করার সময়, এই প্রতিজ্ঞাটা বুকে নিয়েই সই করেছি। দেখা যাক সেই স্বপ্ন পূরণ করতে পারি কী না (Rahul Bheke)।“


