Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনার নাম শুধু একজন প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং একটি দীর্ঘ সময়কাল (Sheikh Hasina), একটি রাজনৈতিক ধারার প্রতীক। প্রায় তিন দশক ধরে কখনও ক্ষমতায়, কখনও বিরোধিতায় থেকে তিনি দেশটির রাজনীতিকে কার্যত নিয়ন্ত্রণ করেছেন। সেই শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন তা নিছক ব্যক্তিগত অবসর নয় বরং বাংলাদেশের রাজনীতিতে এক সম্ভাব্য যুগান্তরের ইঙ্গিত। সাম্প্রতিক সময়ে তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য সেই জল্পনাকে নতুন মাত্রা দিয়েছে। ‘হাসিনা যুগের সমাপ্তি’ এই শব্দবন্ধই এখন রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে।

দীর্ঘ শাসনের পর স্বাভাবিক ক্লান্তি? (Sheikh Hasina)
শেখ হাসিনার রাজনৈতিক জীবন সহজ ছিল না। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর নির্বাসন, ষড়যন্ত্র, একাধিক হত্যাচেষ্টা সব পেরিয়েই তিনি ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন। ২০০৯ সালের পর টানা দীর্ঘ সময় ক্ষমতায় থাকা, উন্নয়ন বনাম গণতন্ত্র বিতর্ক, বিরোধী দমন, আন্তর্জাতিক চাপ এই সব কিছুর ভার একজন মানুষের উপর জমা হওয়াটা স্বাভাবিকভাবেই ক্লান্তির জন্ম দেয়। বয়সও এখানে একটি বড় ফ্যাক্টর। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে সেই বাস্তবতারই প্রতিফলন দেখা যায়, “আমার মায়ের বয়স হয়েছে… এটাই তাঁর শেষ টার্ম ছিল।” এটা শুধুই পারিবারিক অনুভূতি নয়, বরং এক রাজনৈতিক বাস্তবতার স্বীকারোক্তি।
২০২৪-এর বিক্ষোভ এবং ক্ষমতার ভিত নড়ে যাওয়া (Sheikh Hasina)
২০২৪ সালের আগস্ট মাস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ, সরকারের বিরুদ্ধে অসন্তোষ এবং প্রশাসনিক অচলাবস্থার মধ্যে শেখ হাসিনার দেশত্যাগ এক বড় রাজনৈতিক ধাক্কা। যদিও তিনি নিজে বলেছেন, ভয় নয় মানুষের নিরাপত্তার কথা ভেবেই তিনি সরে এসেছিলেন, তবু বাস্তবতা হল, এই ঘটনা তাঁর অজেয় ভাবমূর্তিতে ফাটল ধরায়। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর প্রথমবার তিনি কার্যত রাজনীতির কেন্দ্র থেকে ছিটকে যান। এই পরিস্থিতি হয়তো তাঁকে অবসর ভাবনায় আরও একধাপ এগিয়ে দিয়েছে।

প্রত্যাবর্তনের শর্ত (Sheikh Hasina)
শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র ফিরলে, আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞা উঠলে এবং বিচারবিভাগ স্বাধীন হলে তিনি ফিরতে চান। এই বক্তব্য একদিকে আদর্শবাদী, অন্যদিকে রাজনৈতিক কৌশলও বটে। কারণ, বাস্তবে এই তিনটি শর্ত পূরণ হওয়া সহজ নয়। ফলে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা কার্যত অনিশ্চিতই থেকে যাচ্ছে। ঠিক এই জায়গাতেই জয়ের বক্তব্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি কার্যত সেই প্রত্যাবর্তনের সম্ভাবনাকেই নাকচ করে দিয়েছেন।
নেতৃত্ব নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি (Sheikh Hasina)
শেখ হাসিনার বক্তব্যে এখনও আবেগ, দায়িত্ববোধ ও দেশের প্রতি টান স্পষ্ট। বিপরীতে, সজীব ওয়াজেদ জয় অনেক বেশি বাস্তববাদী ও ভবিষ্যতমুখী। জয়ের কথায়, রাজনীতি ব্যক্তি-কেন্দ্রিক নয় দলই আসল। তাঁর এই দৃষ্টিভঙ্গি আসলে ‘ডাইনেস্টিক লিডারশিপ’-এর বাইরে বেরিয়ে আসার ইঙ্গিতও হতে পারে। এখানেই প্রশ্ন ওঠে তিনি কি ধীরে ধীরে আওয়ামি লিগকে ‘হাসিনানির্ভরতা’ থেকে মুক্ত করতে চাইছেন?
হাসিনাহীন আওয়ামি লিগ (Sheikh Hasina)
আওয়ামি লিগ নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী দল। বঙ্গবন্ধুর উত্তরাধিকার, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং সাংগঠনিক শক্তি সব মিলিয়ে দলটি শুধু একজন নেতার উপর দাঁড়িয়ে নেই। তবে এটাও সত্য, গত দেড় দশকে আওয়ামি লিগ কার্যত শেখ হাসিনার ব্যক্তিত্বের সঙ্গে একাকার হয়ে গিয়েছে। প্রশাসন, দল, এমনকি নির্বাচন সবকিছুর কেন্দ্রে ছিলেন তিনি। ফলে প্রশ্নটা শুধু রাজনৈতিক নয়, মনস্তাত্ত্বিকও ভোটাররা কি হাসিনাকে ছাড়া আওয়ামি লিগকে কল্পনা করতে পারবেন?
আরও পড়ুন: Saraswati Puja Weather 2026: সরস্বতী পুজোয় বঙ্গে ফিরবে ঠাণ্ডার আমেজ? কী জানাল হাওয়া অফিস?
নতুন নেতৃত্বের শূন্যতা এবং ভবিষ্যৎ লড়াই
বিএনপিতে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিকে নতুন করে মেরুকরণ করেছে। অন্যদিকে, আওয়ামি লিগে এখনও স্পষ্ট উত্তরসূরি নেই। সজীব ওয়াজেদ জয় কি সেই শূন্যতা পূরণ করবেন? নাকি দল কোনও ‘সমষ্টিগত নেতৃত্ব’-র পথে হাঁটবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অস্পষ্ট। তবে জয়ের বক্তব্যে একটা ইঙ্গিত স্পষ্ট তিনি তাড়াহুড়ো করে নেতৃত্বে আসতে চাইছেন না, কিন্তু ভবিষ্যতের দরজা বন্ধও করছেন না।



