Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাতের কলকাতায় শুটিং শেষে বাড়ি ফেরার পথেই চরম হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুললেন ‘বাঘিনী’ ধারাবাহিকের অভিনেত্রী সম্পিতা প্রামাণিক (Sampita Pramanik)। ধারাবাহিকে ‘মহুয়া’ চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। মঙ্গলবার রাতে শুটিং শেষে অনলাইনে ক্যাব বুক করে বাড়ি ফেরার সময় তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাই এবার সামনে এসেছে। ফেসবুক লাইভে নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী।
ক্যাবে ওঠার পর থেকেই চালকের আচরণে সন্দেহ (Sampita Pramanik)
সম্পিতার দাবি, হাজরা মোড়ের বসুশ্রী সিনেমার সামনে থেকে তিনি একটি ক্যাব বুক করেছিলেন। প্রথমে পার্ক স্ট্রিটে এক চিকিৎসকের কাছে যাওয়ার পরিকল্পনা থাকলেও শুটিং শেষ হতে দেরি হওয়ায় পরিকল্পনা বদলে সরাসরি দমদমের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। কিন্তু ক্যাবে ওঠার পর থেকেই চালকের আচরণ তাঁর কাছে অস্বাভাবিক বলে মনে হতে থাকে। পরিস্থিতি নিয়ে সন্দেহ বাড়তেই নিরাপত্তার কথা ভেবে মাঝপথেই গাড়ি থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
রবীন্দ্র সরোবর মেট্রোর কাছে নামতে চেয়েও বিপত্তি (Sampita Pramanik)
সম্পিতার অভিযোগ, তিনি চালককে বারবার রবীন্দ্র সরোবর মেট্রোর কাছে গাড়ি থামাতে বললেও প্রথমে চালক তাতে রাজি হচ্ছিলেন না। শেষ পর্যন্ত অভিনেত্রী জোরাজুরি করলে সেখানে গাড়ি থামানো হয়। কিন্তু গাড়ি থামার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং ভাড়া দেওয়া নিয়ে শুরু হয় নতুন করে বচসা।

ততটাই ভাড়া দিতে চেয়েছিলেন অভিনেত্রী (Sampita Pramanik)
অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, গাড়ি থেকে নামার পর চালক তাঁর সামনে কিউআর কোড এগিয়ে দিয়ে দমদম পর্যন্ত সম্পূর্ণ ভাড়া দেওয়ার দাবি করেন। সম্পিতা পালটা জানান, তিনি যতটা পথ এসেছেন, শুধুমাত্র সেই অংশের ভাড়াই দেবেন। পুরো যাত্রাপথের ভাড়া কেন দেবেন—এই প্রশ্নেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। এরপর পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে বলে অভিযোগ সম্পিতার।
আতঙ্কে কাঁপতে শুরু করেন অভিনেত্রী (Sampita Pramanik)
সম্পিতার দাবি, তিনি দ্রুত নিজের ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করেন। সেই সময় চালক টাকা-পয়সা নিয়ে চলে যাওয়ার উপক্রম করেন এবং তাঁকে বেশ কিছুটা রাস্তা দৌড়তে হয়। শেষ পর্যন্ত কোনওরকমে নিজের জিনিসপত্র নিয়ে গাড়ি থেকে নামতে সক্ষম হন অভিনেত্রী। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। তাঁর কথায়, হাত-পা কাঁপতে শুরু করে। গাড়িতে থাকা আপৎকালীন নম্বরে বারবার মেসেজ পাঠিয়েও তৎক্ষণাৎ কোনও সাহায্য পাননি বলে অভিযোগ তাঁর।
আরও পড়ুন: Suvendu on Mamata: মমতার পায়ে “ভুয়ো” চোট, তদন্তের দাবি শুভেন্দুর
থানায় লিখিত অভিযোগের পথে ‘বাঘিনী’র মহুয়া
ঘটনার পর ফেসবুক লাইভে ক্ষোভ উগরে দেন সম্পিতা প্রামাণিক। রাতের শহরে একা যাতায়াতকারী মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি জানান, ঘটনার বিষয়ে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। এখন অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, সেটাই দেখার।



