Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডের ব্রহ্মানন্দ কেশব চন্দ্র হাই স্কুলে বিপুল সংখ্যক সরকারি সাইকেল মজুদ করে রাখার অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনাকে ঘিরে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মী-সমর্থকরা (School Cycle Row)। অভিযোগের তির স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর টুম্পা দাস সরকারের স্বামী শুভজিৎ সরকারের দিকে।

বিক্ষোভকারীদের দাবি (School Cycle Row)
ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ সরকারি সাইকেল স্কুলের ভিতরে দীর্ঘদিন ধরে মজুদ করে রাখা হয়েছে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। এক বিজেপি নেতা দাবি করেন, সরকারি প্রকল্পের সাইকেল কেন স্কুলে মজুদ করে রাখা হয়েছে, তা নিয়ে প্রশাসনের কাছে জবাবদিহি চাইছেন তাঁরা। তাঁর অভিযোগ, কাউন্সিলরের স্বামী শুভজিৎ সরকার এই ঘটনার সঙ্গে যুক্ত এবং সরকারি সম্পত্তি নিয়ে অনিয়ম করা হয়েছে।
সরকারি সম্পত্তি ব্যবহার (School Cycle Row)
বিক্ষোভে উপস্থিত এক অভিভাবক ও স্থানীয় বাসিন্দা বলেন, বহু ছাত্র-ছাত্রী সাইকেলের অপেক্ষায় থাকলেও সেগুলি বিতরণ না করে স্কুলের ভিতরে আটকে রাখা হয়েছে। স্কুল চত্বরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তি ব্যবহার করা হয়ে থাকলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলেও দাবি করেন তিনি।

দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা (School Cycle Row)
বিজেপি মহিলা মোর্চার এক প্রতিনিধি অভিযোগ করেন, তৃণমূলের দুর্নীতির সংস্কৃতির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন পুলিশ ও শাসকদলের সমর্থকদের পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
বিবৃতি দেওয়া হয়নি
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। তবে অভিযোগের বিষয়ে স্থানীয় কাউন্সিলর টুম্পা দাস সরকার বা তাঁর স্বামী শুভজিৎ সরকারের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।



