Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এইমস অথবা এইমসের মতো কোনও কেন্দ্রীয় সরকার পরিচালিত সুপার স্পেশালিটি হাসপাতাল এই প্রতিশ্রুতি গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান প্রচার ইস্যু ছিল । বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার নিজে একাধিক সভা থেকে এই প্রতিশ্রুতির বার্তা দিয়েছিলেন। কিন্তু (Union Budget 2026)-এ উত্তরবঙ্গের জন্য নতুন কোনও হাসপাতাল তৈরির ঘোষণা না হতেই ফের রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোট এলেই বিজেপি উন্নয়নের স্বপ্ন দেখায়, আর ভোট মিটলেই সেই প্রতিশ্রুতি উধাও হয়ে যায়। পালটা বিজেপির দাবি, রাজ্য সরকার নিজের দায়িত্ব পালন না করেই কেন্দ্রের দিকে আঙুল তুলছে।

তৃণমূলের অবকাঠামো উন্নয়ন (Union Budget 2026)
দক্ষিণ দিনাজপুর জেলা দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য পরিষেবার প্রশ্নে পিছিয়ে ছিল এমন অভিযোগ নতুন নয়। বামফ্রন্ট আমলে জেলার স্বাস্থ্যব্যবস্থা কার্যত তলানিতে গিয়ে ঠেকেছিল বলে অভিযোগ। রোগ নির্ণয় হোক বা অস্ত্রোপচার, অধিকাংশ ক্ষেত্রেই রোগীকে মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় রেফার করা হত। কথায় কথায় ‘রেফার’ ছিল জেলার হাসপাতালগুলির পরিচিত চিত্র। ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর স্বাস্থ্য পরিকাঠামোয় জোর দেওয়া শুরু হয়। সেই ধারাবাহিকতায় দক্ষিণ দিনাজপুরেও গড়ে ওঠে সুপার স্পেশালিটি হাসপাতাল। বালুরঘাট জেলা হাসপাতালের পিছনে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। পাশাপাশি গঙ্গারামপুরেও আরও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল চালু করেছে রাজ্য সরকার। তৃণমূলের দাবি, সীমিত সম্পদের মধ্যেও রাজ্য নিজের দায়িত্ব পালন করেছে।
বাজেটে ঘোষণার অভাব (Union Budget 2026)
এবারের কেন্দ্রীয় বাজেটে উত্তরবঙ্গের জন্য কোনও নতুন হাসপাতাল বা এইমস সংক্রান্ত ঘোষণা না থাকায় সরব হয়েছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্রের কটাক্ষ, “ভোটের আগে বিজেপির জনপ্রতিনিধিরা ফের মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন হয়তো। কিন্তু এবার আর সে সব চলবে না।” তিনি আরও বলেন, “এই জেলার জন্য বিজেপি এখনও পর্যন্ত একটি মহিলা কলেজ, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কিংবা আইটিআই কলেজেরও কথা বলেনি। আর তারা এইমস করবে এটা ভাবনার অতীত।” তাঁর দাবি, রায়গঞ্জে এইমস করার প্রতিশ্রুতিও বিজেপি রাখতে পারেনি, অথচ বালুরঘাট নিয়ে নতুন করে স্বপ্ন দেখানো হয়েছিল।
বিজেপির পালটা যুক্তি (Union Budget 2026)
তৃণমূলের আক্রমণের জবাবে পালটা ব্যাখ্যা দিয়েছে বিজেপি। বিজেপি বিধায়ক অশোককুমার লাহিড়ীর বক্তব্য, “জেলার হাসপাতালগুলিতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নেই। সামান্য জটিল রোগ হলেই মানুষকে বাইরে যেতে হয়। রাজ্য সরকার আগে এই সমস্যাগুলোর সমাধান করুক।” তিনি আরও বলেন, “কেন্দ্রের কাজ কেন্দ্র যথাসময়ে করবে। কিন্তু রাজ্যের হাসপাতালগুলো কার্যকর না হলে নতুন হাসপাতাল করেও লাভ নেই।” বিজেপির মতে, পরিকাঠামো থাকলেও চিকিৎসক ও পরিষেবার অভাবেই মানুষ ভোগান্তিতে পড়ছে।

আরও পড়ুন: Anandapur Fire: শুভেন্দুর প্রতিবাদ মিছিলে ডিজের তালে ‘উদ্দাম’ নাচ! পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ভোট রাজনীতি বনাম স্বাস্থ্য বাস্তবতা
উত্তরবঙ্গ, বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের ভৌগোলিক অবস্থান তিনদিক থেকে সীমান্ত ঘেরা। চিকিৎসা পরিষেবার উন্নয়ন এখানে শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয় নয়, বরং জীবন-মরণের প্রশ্ন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এইমস ইস্যুটি ক্রমশ ভোটের হাতিয়ারেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। একদিকে রাজ্য সরকার নিজেদের উদ্যোগে সুপার স্পেশালিটি হাসপাতালের কথা তুলে ধরছে, অন্যদিকে বিজেপি কেন্দ্রীয় প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েও বাজেটে তার প্রতিফলন ঘটাতে পারেনি এমন অভিযোগ উঠছে।



