Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ত্রয়ণ চক্রবর্তী: আজ থেকে শুরু হল ক্রেতা সুরক্ষা সপ্তাহ। এই উপলক্ষে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরকে আরও সক্রিয় ও জনমুখী করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তাঁর বক্তব্যে উঠে এল ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা, দফতরের পরিকাঠামো উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর দাবি, দীর্ঘদিন ধরে এই দফতরটি যথেষ্ট গুরুত্ব পায়নি। অথচ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে এই দফতরের সরাসরি সম্পর্ক রয়েছে।
ফ্ল্যাট কেনাবেচায় প্রতারণা নিয়ে উদ্বেগ (Shuvendu Adhikari)
শুভেন্দু অধিকারীর বক্তব্যে বিশেষ গুরুত্ব পেয়েছে ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে প্রতারণার অভিযোগ। তাঁর মতে, এই ক্ষেত্রে বহু ক্রেতা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ফ্ল্যাটের বিজ্ঞাপন, প্রতিশ্রুতি, নির্মাণের গুণমান কিংবা চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে ক্রেতাদের সমস্যার অভিযোগ প্রায়ই সামনে আসে। তাই ক্রেতা সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।
চাল-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়েও প্রশ্ন (Shuvendu Adhikari)
বাজারদর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কিছু জিনিসের দাম বাড়লেও চালের মতো প্রয়োজনীয় পণ্যের দাম অযথা বাড়ার কথা নয়। বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানো, ক্রেতাদের ঠকানো কিংবা মজুতদারির মতো অভিযোগের বিরুদ্ধে নজরদারি বাড়ানোর ইঙ্গিত দেন তিনি।
খাবারে ক্ষতিকর রঙ মেশানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ
বড় হোটেলের খাবার থেকে শুরু করে বাজারের সবজি ও মাছ—খাদ্যপণ্যে কৃত্রিম রঙ ব্যবহারের অভিযোগ নিয়েও সরব হন শুভেন্দু। তাজা দেখানোর জন্য মাছ ও সবজিতে রঙ মেশানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই ধরনের প্রবণতা বন্ধ করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।
দুর্নীতির যোগসাজশেও নজর (Shuvendu Adhikari)
শুভেন্দু অধিকারীর দাবি, কিছু ক্ষেত্রে পুলিশ এবং উপভোক্তা দফতরের আধিকারিকদের একাংশও অনিয়মের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাই শুধু সাধারণ ব্যবসায়ীদের বিরুদ্ধে নয়, প্রশাসনের ভিতরে থাকা দুর্নীতির বিরুদ্ধেও নজরদারি প্রয়োজন।
বাজেট ও কর্মী বাড়ানোর উদ্যোগ
দফতরের বরাদ্দ বৃদ্ধি, পিএসসির মাধ্যমে আরও কর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিশ্চিত করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর লক্ষ্য, ক্রেতা সুরক্ষা দফতরকে এমন একটি কার্যকর ব্যবস্থায় পরিণত করা, যেখানে প্রতারিত ক্রেতা দ্রুত অভিযোগ জানিয়ে ন্যায়বিচার পেতে পারেন।



