Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত (UP Storm) উত্তরপ্রদেশের একাধিক জেলা। অযোধ্যা, বারাণসী, গাজ়িয়াবাদ-সহ প্রায় ৩০টি জেলায় গত ২৪ ঘণ্টায় তাণ্ডব চালিয়েছে দুর্যোগ। কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কোথাও আবার অতি ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত অন্তত ৮৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বহু মানুষ। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ক্ষতিগ্রস্ত প্রয়াগরাজ (UP Storm)
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়াগরাজ (UP Storm) জেলা। সেখানে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ভদোহী, ফতেহপুর, প্রতাপগড়, বদায়ুঁ, চন্দৌলি ও সোনভদ্র-সহ একাধিক জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বহু গাছ উপড়ে পড়েছে, ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি। হাজার হাজার গ্রাম অন্ধকারে ডুবে রয়েছে। কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চাষের জমিতেও বড়সড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বহু জায়গায় গবাদি পশুর মৃত্যুর খবরও এসেছে।
আরও পড়ুন: WB Assembly Speaker: বিধানসভায় নতুন মুখ, স্পিকারের পদে ভরসা রথীন্দ্রনাথ
বরেলীতে ভয়াবহ দুর্ঘটনায় টিনের ছাউনি-সহ এক ব্যক্তিকে ঝড় প্রায় ৪৫ ফুট উপরে তুলে দূরে ছুড়ে ফেলে দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলাশাসকদের দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছে সরকার। আবহাওয়া দফতরের মতে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই এই দুর্যোগ নেমে এসেছে উত্তরপ্রদেশে।


