Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার আরও জটিল আকার নিয়েছে (Vivek Bhagat)। আন্দোলনের খবর করতে গিয়ে এক মহিলা সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল দিল্লি পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্ত যখন এখনও চলছে, তখনই সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের পদোন্নতির নির্দেশ ঘিরে প্রশ্ন উঠেছে। পরিস্থিতির মধ্যে এবার নিজেই নিজের পদোন্নতি স্থগিত রাখার আবেদন জানালেন অভিযুক্ত আধিকারিক বিবেক ভগত।

অভিযোগের মধ্যেই পদোন্নতির নির্দেশ (Vivek Bhagat)
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কনট প্লেস থানার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (SDPO) বিবেক ভগত-সহ ১২ জন পুলিশ আধিকারিকের পদোন্নতির নির্দেশ জারি করা হয়। সোমবার বিবেক ভগতকে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ (Additional DCP) পদে উন্নীত করার নির্দেশ দেওয়া হয়। অথচ তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের তদন্ত তখনও শেষ হয়নি। ফলে স্বাভাবিকভাবেই এই পদোন্নতি নিয়ে প্রশ্ন তৈরি হয়।
তদন্ত চলাকালীন বড় সিদ্ধান্ত (Vivek Bhagat)
অভিযোগের বিষয়টি ইতিমধ্যেই দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে রয়েছে। গত ৪ অক্টোবর নিরপেক্ষ তদন্তের স্বার্থে মামলাটি ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছিল। এই পরিস্থিতিতে নিজের পদোন্নতি নিয়ে কোনও বিতর্ক তৈরি হোক, তা চাননি বিবেক ভগত। তাই মঙ্গলবার দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে পদোন্নতির নির্দেশ স্থগিত রাখার আবেদন করেন তিনি। চিঠিতে তাঁর বক্তব্য, তাঁর বিরুদ্ধে এক ইউটিউবারের করা অভিযোগের তদন্ত চলছে। তদন্ত যাতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এগিয়ে যেতে পারে, সেই স্বার্থেই পদোন্নতির নির্দেশ স্থগিত রাখা উচিত।
আন্দোলনের ঘটনাকে ঘিরেই অভিযোগ (Vivek Bhagat)
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আন্দোলনের সময় ঘটনাটি ঘটে বলে অভিযোগ। আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে এক মহিলা সাংবাদিক যৌন হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে বিবেক ভগতের বিরুদ্ধে। পরে ককরোচ জনতা পার্টি (CJP)-র সহ-আহ্বায়ক সৌরভ দাস তাঁর বিরুদ্ধে এফআইআর এবং বরখাস্তের দাবি জানান। ঘটনাটি দ্রুত রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোড়ন তৈরি করে।
পাল্টা অভিযোগ AI-ভুয়ো ফুটেজের (Vivek Bhagat)
অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে ভুয়ো সিসিটিভি ফুটেজ তৈরি করে বিবেক ভগতকে বদনাম করার চেষ্টা হয়েছে। এই অভিযোগে হরিয়ানার এক বাসিন্দাকে, যিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছিলেন, সাইবার পুলিশ গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন:Cyber Crime: নিউটাউনে আন্তর্জাতিক ফেক কল সেন্টারের হদিস, গ্রেফতার ২৪
এখন নজর কমিশনারের সিদ্ধান্তে
দিল্লি পুলিশের বক্তব্য, বিবেক ভগতের পদোন্নতি ছিল একটি রুটিন প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। তবে তদন্ত চলাকালীন নিজের পদোন্নতি স্থগিত রাখার যে আবেদন তিনি করেছেন, সেই বিষয়ে এখনও পুলিশ কমিশনারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে অভিযোগ, তদন্ত এবং পদোন্নতি—তিনটি বিষয় কীভাবে সামঞ্জস্য রেখে এগোয়, এখন সেদিকেই নজর।



