Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অক্টোবরের শেষ সপ্তাহে ফের কি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়? থাইল্যান্ড উপকূল সংলগ্ন এলাকা থেকে এগিয়ে আসা একটি ঘূর্ণাবর্তকে ঘিরে এমনই আশঙ্কা তৈরি হয়েছে (Weather Update)। আবহাওয়ার কয়েকটি আন্তর্জাতিক মডেলে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ইঙ্গিত মিললেও এখনও সরকারি ভাবে কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি ভারতের মৌসম ভবন। ফলে এখনই ঝড়ের গতিপথ বা কোথায় স্থলভাগে আছড়ে পড়বে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগরের দিকে (Weather Update)
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, থাইল্যান্ড উপকূল থেকে আসা ঘূর্ণাবর্তটি বর্তমানে আন্দামান সাগর অঞ্চলে অবস্থান করছে। শুক্রবার থেকে শনিবারের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পেরিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনুকূল পরিবেশ পেলে শক্তি সঞ্চয় করে সেটি আরও শক্তিশালী হতে পারে। তবে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
ওড়িশা না অন্ধ্র—কোন পথে যাবে ‘অর্ণব’? (Weather Update)
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে আমেরিকার GFS এবং ইউরোপের ECMWF মডেলের পূর্বাভাসে পার্থক্য রয়েছে। GFS মডেল অনুযায়ী, ২৩ অক্টোবরের আশপাশে নিম্নচাপ তৈরি হয়ে ২৫ অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এরপর ওড়িশা উপকূলের দিকে এগিয়ে ২৭ অক্টোবর রাতে ভুবনেশ্বরের কাছাকাছি স্থলভাগে প্রবেশের সম্ভাবনা দেখানো হয়েছে। অন্যদিকে ECMWF মডেল ২৪ অক্টোবরের আশপাশে নিম্নচাপ এবং ২৬ অক্টোবরের দিকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখাচ্ছে। এই মডেলে ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এখনই আতঙ্ক নয়, নজর সরকারি বুলেটিনে (Weather Update)
দুই মডেলের পূর্বাভাসে সময় ও গতিপথের পার্থক্য থাকায় এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনোর সুযোগ নেই। মৌসম ভবনও আপাতত সম্ভাব্য নিম্নচাপের গতিবিধির উপর নজর রাখছে। নিম্নচাপ তৈরি হওয়ার পর তার শক্তি ও গতিপথ সম্পর্কে আরও নির্ভুল ছবি পাওয়া যাবে। তাই সম্ভাব্য ‘অর্ণব’ নিয়ে আতঙ্ক নয়, বরং পরবর্তী সরকারি আবহাওয়া বুলেটিনের দিকে নজর রাখাই সবচেয়ে জরুরি।
আপাতত স্বস্তিতে দক্ষিণবঙ্গ (Weather Update)
ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যেও শুক্রবার দক্ষিণবঙ্গে বড় কোনও আবহাওয়াগত পরিবর্তনের সম্ভাবনা নেই। অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা কম থাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা কমায় ভোর ও রাতে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে।
আরও পড়ুন: Manipur Crisis: ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে কুকি-জো যুবকের মৃত্যু! বাড়িতে আগুন, বাড়ছে আতঙ্ক
কলকাতা ও উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও পরে মেঘ কাটতে পারে। আপাতত শহরে বৃষ্টির সম্ভাবনা কম। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। ফলে বঙ্গোপসাগরের নিম্নচাপের ভবিষ্যৎ গতিবিধিই এখন আবহাওয়াবিদদের মূল নজরে।



