Last Updated on [modified_date_only] by Sumana Bera
অভ্রদ্বীপ দাস, কলকাতা: জেনারেল বডি (GB) মিটিংকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বুধবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাস। ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদ (FETSU)-এর সাধারণ সভাকে ঘিরে বামপন্থী ছাত্র সংগঠন SFI এবং ABVP-র সমর্থকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন পড়ুয়া আহত।
মিটিং বানচালের পরিকল্পনা! (Jadavpur University)
বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোনও নির্বাচিত ছাত্র সংসদ নেই, দাবি ABVP-র। ছাত্র সংসদ সংক্রান্ত নতুন কোনও নির্দেশিকাও জারি হয়নি। এই পরিস্থিতিতে কীভাবে জেনারেল বডি মিটিং ডাকা হল তা নিয়েই প্রশ্ন তোলে তারা। অন্যদিকে, বামপন্থী ছাত্র সংগঠনগুলির অভিযোগ, ABVP সমর্থকরাই মিটিং বানচাল করার উদ্দেশ্যে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি করে।
আরও পড়ুন:Suvendu Adhikari: অগ্নিকাণ্ডের পর বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রীর বার্তায় চাঞ্চল্য
ঘটনার পর রাতে আরও উত্তেজনা ছড়ায় অরবিন্দ ভবনের সামনে। অভিযোগ, SFI-সহ বিভিন্ন ছাত্র সংগঠনের ফেস্টুন ও পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে অরবিন্দ ভবনের ভিতরে থাকা পড়ুয়াদের একাংশ বন্ধ গেট ধরে ঝাঁকাতে থাকেন বলে অভিযোগ। ABVP-র অভিযোগ ভিতর থেকে তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। যদিও অরবিন্দ ভবনে আশ্রয় নেওয়া পড়ুয়াদের দাবি, তাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জমায়েতের ডাক এসএফআইয়ের
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে ৮বি বাসস্ট্যান্ডে জমায়েতের ডাক দিয়েছে SFI-সহ বাম ছাত্র সংগঠনগুলি। পাল্টা যাদবপুর থানার সামনে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) অভিযানের ডাক দিয়েছে ABVP। ফলে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায়।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন যাদবপুর বিধানসভার বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। আহত পড়ুয়াদের নিয়ে তিনি যাদবপুর থানায় যান। সেখানে বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ তোলেন তিনি। SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নাম উল্লেখ করে বিধায়ক হুঁশিয়ারিও দেন বলে দাবি। এরপর যাদবপুর থানার সামনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান ABVP সমর্থকরা। অন্যদিকে বামপন্থী ছাত্র সংগঠনগুলিও পাল্টা ABVP-র বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
সব মিলিয়ে জিবি মিটিং ঘিরে সংঘর্ষের পরও যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) চত্বরে উত্তেজনা অব্যাহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ কী পদক্ষেপ করে এবং নতুন করে কোনও অশান্তি হয় কি না এখন সেদিকেই নজর।


