Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে SFI-এর ৩২তম আঞ্চলিক সম্মেলনকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা (Calcutta University)। SFI কলিকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির দাবি, গত ২৫ আগস্ট প্রকাশ্য সমাবেশ চলাকালীন আচমকাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। সংগঠনের অভিযোগ, একই সময়ে ক্যাম্পাসের ভিতরে পুলিশি নিরাপত্তায় ABVP-র একটি আলোচনা সভা চলছিল। ফলে ছাত্রদের জন্য গেট বন্ধ রেখে একটি নির্দিষ্ট সংগঠনকে ক্যাম্পাসে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।

নিরাপত্তার কারণ দেখিয়ে গেট বন্ধ? (Calcutta University)
SFI-এর বক্তব্য অনুযায়ী, গেট বন্ধের কারণ জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তারক্ষীদের কাছে ABVP-র তরফে গোলমালের আশঙ্কার খবর ছিল। সেই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গেট বন্ধ রাখা হয়েছিল বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় SFI। তাদের দাবি, নিরাপত্তার নামে সাধারণ ছাত্রছাত্রীদের প্রবেশে বাধা দেওয়া হলেও ABVP-র কর্মসূচি চলতে দেওয়া হয়েছে।
ডেপুটেশন ঘিরে উত্তেজনা (Calcutta University)
ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিতে যাওয়ার সময় SFI কর্মীদের সঙ্গে ABVP-র সদস্যদের বচসা ও উত্তেজনা তৈরি হয় বলে অভিযোগ। SFI-এর দাবি, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ার মধ্যে কয়েকজন বহিরাগত ABVP সদস্যও ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
রাতেও কেন খোলা ছিল বিশ্ববিদ্যালয়ের গেট?
SFI আরও অভিযোগ করেছে, রাত ১১টা ১০ মিনিট নাগাদ সংবাদমাধ্যমের মাধ্যমে তারা জানতে পারে যে বিশ্ববিদ্যালয়ের গেট খোলা রয়েছে এবং গেটের সামনে ABVP-র সদস্যরা অবস্থান করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের প্রশ্ন—ছাত্রদের জন্য ক্যাম্পাসের গেট বন্ধ থাকলেও রাতের বেলায় নির্দিষ্ট সংগঠনের সদস্যদের জন্য তা খোলা রাখার কারণ কী?

নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়েও প্রশ্ন (Calcutta University)
SFI-এর আরও অভিযোগ, ছাত্ররা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা বারবার গেট বন্ধ রাখার চেষ্টা করেন। এমনকি উত্তেজনার সময়ে ছাত্রছাত্রীদের গেটে পিষে দেওয়ার চেষ্টা এবং এক ছাত্রীর সঙ্গে পুরুষ নিরাপত্তারক্ষীর দুর্ব্যবহারের অভিযোগও তোলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন কলেজ থেকে পরীক্ষার উত্তরপত্র জমা দিতে আসা ব্যক্তিদের দীর্ঘক্ষণ গেটের বাইরে অপেক্ষা করতে হয়েছে বলেও দাবি সংগঠনের।
স্বাধিকার ও গণতান্ত্রিক পরিসর রক্ষার দাবি (Calcutta University)
SFI-এর বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক মতপ্রকাশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা জরুরি। কর্তৃপক্ষের পক্ষপাতমূলক আচরণে সেই পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তাদের অভিযোগ। সংগঠনের দাবি, গত ২৫ আগস্টের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও স্বাভাবিক পঠনপাঠনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
আরও পড়ুন: Kolkata Book Fair: ২৪ জনের কমিটি, বাদ গিল্ডের শীর্ষ দুই কর্তা, বইমেলার নিয়ন্ত্রণে এবার পালাবদল!
SFI নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি স্বাধিকার ও গণতান্ত্রিক পরিসর রক্ষায় ব্যর্থ হয়, তাহলে ছাত্রদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে যেতে তারা বাধ্য হবে। একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ছড়ানো অভিযোগকে ‘মিথ্যাচার’ বলে দাবি করে সত্য প্রকাশের কথাও বলা হয়েছে।



