Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: হলিউডের অন্যতম জনপ্রিয় ও সেনসেশনাল অভিনেত্রী সিডনি সুইনি ফের আলোচনায় (Sydney Sweeney)। ইউফোরিয়া, হাউসমেড কিংবা দ্য হোয়াইট লোটাসের মতো প্রজেক্টে বোল্ড লুকে নজর কাড়া ২৯ বছর বয়সি এই অভিনেত্রী এবার খেলার ময়দানের ক্যামেরায়। তাঁকে নিয়ে শোরগোল পরে গিয়েছে চারদিকে। স্পোর্টস প্রেডিকশন প্ল্যাটফর্ম নোভিগের সাম্প্রতিক এক বিজ্ঞাপনে তিনি প্রায় নগ্ন অবস্থায় বাস্কেটবল, রাগবি বল ও নানাবিধ খেলার সরঞ্জাম ব্যবহার করে ফটোশুট করেন। বিজ্ঞাপনটি প্রকাশ পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যার পর থেকেই ক্রীড়াজগত এবং নেটিজেনদের এক বিরাট অংশের তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

মহিলা ক্রীড়াবিদদের কড়া সমালোচনা (Sydney Sweeney)
সিনেমার পর্দায় শরীরী প্রদর্শন এবং স্পোর্টস প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে খোলামেলা উপস্থাপনের বিষয়টি ক্রীড়াজগত সহজে মেনে নিতে পারেনি। সমালোচকদের মূল দাবি হল, বিজ্ঞাপনটিতে খেলাধুলার চেয়ে নারী শরীরকে পণ্যের মতো তুলে ধরার প্রয়াসই বেশি ফুটে উঠেছে, যা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও আপত্তিকর। কেবল সাধারণ সামাজিক মাধ্যম ব্যবহারকারীই নন, সরব হয়েছেন নামীদামী বিশ্বমানের ক্রীড়াবিদরাও। ব্রিটিশ স্প্রিন্টার অ্যামি হান্ট নিজের ট্র্যাকে দৌড়ানোর পরের ঘামে ভেজা ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন এবং জানান যে পেশিশক্তি, পরিশ্রম, ঘাম, রক্ত ও কান্নার মাধ্যমেই আসল খেলাধুলা ফুটে ওঠে। একইভাবে অস্ট্রেলিয়ান বক্সার স্কাই নিকলসন জানান, কেবল নিজেকে সেক্সি হিসেবে তুলে ধরলেই খেলাধুলো করা যায় না। অনেক ক্রীড়াবিদের মতে, এ ধরনের গ্ল্যামারাইজড উপস্থাপন মহিলাদের খেলাধুলার মর্যাদা এবং সমাজে তাঁদের সম্মানকে ক্ষুণ্ণ করে।

ইনস্টাগ্রামে সিডনির নীরব প্রতিবাদ (Sydney Sweeney)
বিতর্কের ঝড়ে মুখে কোনও কথা না বললেও, সিডনি সুইনি সামাজিক মাধ্যমে অত্যন্ত অভিনব উপায়ে জবাব দিয়েছেন। তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ক্রীড়াজগতের একাধিক কিংবদন্তির অতীতের ফটোশুটের ছবি পোস্ট করেন। তিনি সেরেনা উইলিয়ামস, রোন্ডা রাউসি, সু বার্ড, মেগান র্যাপিনো, রব গ্রঙ্কোস্কি এবং জেসন কেলসির মতো তারকাদের ছবি তুলে ধরেন। এই সমস্ত তারকাদের ছবিতে একটিই বিশেষ মিল ছিল, তারা প্রত্যেকেই নিজেদের কেরিয়ারের কোনও এক পর্যায়ে নগ্ন বা খোলামেলা ফটোশুটে অংশ নিয়েছিলেন। সিডনি এই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দেন যে স্পোর্টস ও গ্ল্যামারের এই মেলবন্ধন সম্পূর্ণ নতুন বা অভূতপূর্ব কিছু নয়।

বিজ্ঞাপন সংস্থা ও অভিনেত্রীর ব্যাখ্যা (Sydney Sweeney)
বিতর্কের তোপে পড়ে নোভিগ এবং সিডনি উভয় পক্ষই তাঁদের অবস্থান পরিষ্কার করেছেন। অভিনেত্রী জানান, ক্রীড়াজগত নিয়ে একটি মজাদার ও নজরকাড়া আইডিয়া উপস্থাপন করাই ছিল এই প্রচারণার মূল উদ্দেশ্য। তিনি নিজে এই বিজ্ঞাপনের সৃজনশীল ভাবনার সাথে যুক্ত ছিলেন এবং প্রতিষ্ঠানটির ইকুইটি পার্টনার হিসেবে কাজ করছেন। অন্যদিকে নোভিগের সিইও জ্যাকব ফোর্টিনস্কি জানান, বিনোদন জগতের কোলাহল থেকে সাধারণ মানুষের মনোযোগ খেলাধুলার দিকে ফেরাতেই সিডনিকে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিডনি নিজেও ব্যক্তিগতভাবে সকল ক্রীড়াবিদের প্রতি গভীর শ্রদ্ধা ব্যক্ত করেছেন।

আরও পড়ুন: East Bengal ACL 2: ইমিগ্রেশন জটিলতায় আটকে নুংগা, আম্মানে অনুশীলনে স্বস্তি ফেরাল রশিদ-বিপিনের ফিটনেস
খেলাধুলার সঙ্গে সিডনির পুরোনো সম্পর্ক (Sydney Sweeney)
অভিনয়ে আসার বহু আগে থেকেই সিডনির সঙ্গে খেলাধুলার নিবিড় সম্পর্ক ছিল (Sydney Sweeney)। শৈশবে তিনি ফুটবল ও সফটবল খেলেছেন, স্কি দলের সদস্য ছিলেন এবং মিক্সড মার্শাল আর্টসে প্রশিক্ষণ নিয়েছেন। ১২ বছর বয়সে ওয়েকবোর্ডিংয়ে অংশ নিয়ে এক্স গেমসে খেলার স্বপ্নও ছিল তাঁর। বর্তমানে তিনি হকি ও বক্সিং দেখতে ভালোবাসেন। বিশেষ করে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ক্রিস্টি চলচ্চিত্রে কিংবদন্তি বক্সার ক্রিস্টি মার্টিনের চরিত্রে অভিনয় করার পর থেকে বক্সিংয়ের প্রতি তাঁর অনুরাগ আরও বৃদ্ধি পেয়েছে। যাই হোক না কেন, এই বিতর্কের মাঝে বাণিজ্যিক সাফল্য পুরোটাই তুলে নিয়েছে নোভিগ। সিডনির গ্ল্যামার আর বিতর্কের জোড়া ধাক্কায় ইতিমধ্যে তাঁদের প্রচারণামূলক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি দর্শক দেখে ফেলেছেন।



